পাচারকারী সন্দেহে আটক যুবক! মুক্তির দাবিতে পুলিশ ফাঁড়িতে হামলা ও ভাঙচুর, আহত ৩

পাচারচক্রের সঙ্গে যুক্ত থাকার সন্দেহে সাদ্দাম আলি নামের এক ব্যক্তিকে আটকের জেরে উত্তপ্ত হয়ে উঠল দিনহাটা ১ ব্লকের গীতালদহ এলাকার জারিধরলা গ্রাম। পুলিশ সূত্রে জানা যায়, ওই ব্যক্তিকে অবিলম্বে মুক্তির দাবিতে স্থানীয় বাসিন্দাদের একাংশ গীতালদহ পুলিশ ফাঁড়ির সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখান। মুহূর্তের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ক্ষুব্ধ জনতা ফাঁড়ির ভিতরে প্রবেশ করে ভাঙচুর চালায়। এই হামলা ও পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনায় তিন পুলিশকর্মী আহত হন।
খবর পেয়ে দ্রুত অতিরিক্ত পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছন মহকুমা পুলিশ আধিকারিক প্রশান্ত দেবনাথ ও আইসি বুধাদিত্য রায়। উচ্চপদস্থ কর্মকর্তাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং পুলিশ কড়া হাতে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। ঘটনায় জড়িত থাকার অভিযোগে বেশ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। সীমান্তবর্তী এই এলাকায় হামলার পর থেকেই তীব্র উত্তেজনা বিরাজ করায় আইনশৃঙ্খলা বজায় রাখতে পুলিশি টহলদারি জোরদার করা হয়েছে।