রাজনীতি ভুলে ‘শান্তিকুঞ্জ’-এ জুনের সৌজন্য সফর, প্রবীণ শিশির অধিকারীর আশীর্বাদ নিলেন মেদিনীপুরের সাংসদ

রাজনৈতিক মতপার্থক্য পাশে সরিয়ে এক অনন্য সৌজন্যের সাক্ষী থাকল কাঁথি। শুক্রবার পূর্ব মেদিনীপুরের কাঁথিতে প্রবীণ রাজনীতিবিদ শিশির অধিকারীর বাসভবন ‘শান্তিকুঞ্জ’-এ পৌঁছান মেদিনীপুরের সাংসদ জুন মালিয়া। সেখানে তিনি শিশির অধিকারী এবং গায়ত্রী দেবীর আশীর্বাদ নেন।
সাক্ষাৎ শেষে জুন মালিয়া সংবাদমাধ্যমকে জানান, এই সৌজন্য সফরের পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্যে ছিল না। পারিবারিক ও ব্যক্তিগত সম্পর্কের কারণেই তিনি এসেছিলেন। শিশিরবাবু তাঁকে জনসেবামূলক কাজের জন্য উৎসাহিত ও আশীর্বাদ করেছেন। একই সাথে আগামী জগদ্ধাত্রী পুজোয় তাঁকে শান্তিকুঞ্জে আসার নিমন্ত্রণ জানানো হয়েছে। এছাড়া মুখ্যমন্ত্রীর ক্লাব কাঁথির নান্দনিকের দুর্গা পুজোতেও আসার জন্য তিনি আমন্ত্রণ পেয়েছেন এবং উপস্থিত থাকার আশ্বাস দিয়েছেন।
শান্তিকুঞ্জ থেকে বেরিয়েই সাংসদ জুন মালিয়া এগরা অঞ্চলের বন্যাকবলিত এলাকা পরিদর্শনে যান এবং ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলেন। এই প্রশাসনিক পরিদর্শনের সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক দিব্যেন্দু অধিকারীও। দলীয় মতভেদ ভুলে জনপ্রতিনিধিদের এই প্রশাসনিক সক্রিয়তা ও পারস্পরিক মেলবন্ধন বর্তমানে রাজ্য রাজনীতিতে বেশ চর্চার বিষয় হয়ে উঠেছে।