স্কুলের স্টাফরুমে তাণ্ডব চালিয়ে মহিলা কর্মীকে মারধরের চাঞ্চল্যকর অভিযোগ

স্কুলের স্টাফরুমে তাণ্ডব চালিয়ে মহিলা কর্মীকে মারধরের চাঞ্চল্যকর অভিযোগ

মালদহের বামনগোলার জগদলা হাই স্কুলে প্রাক্তন ছাত্রের ট্রান্সফার সার্টিফিকেট বা টিসি দেওয়াকে কেন্দ্র করে রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হলো। সূত্রের খবর, ওই প্রাক্তন ছাত্রের নথিতে নামের বানান ভুল থাকায় টিসি দিতে দেরি হওয়ায় ক্ষোভে ফেটে পড়ে পড়ুয়াদের একাংশ। অভিযোগ, স্টাফ রুমে ঢুকে এক মহিলা অশিক্ষক কর্মীকে ঘিরে ধরে মারধর করে ছাত্ররা। আক্রান্ত ওই মহিলার দাবি, স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অমিত হালদারের উসকানি ও ইন্ধনেই তাঁর ওপর এই হামলা চালানো হয়েছে। অতীতেও তাঁর ওপর শারীরিক নির্যাতন ও কুপ্রস্তাবের চেষ্টা হয়েছিল বলে অভিযোগ তুলে তিনি ইতিমধ্যেই বামনগোলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অন্যদিকে স্কুল কর্তৃপক্ষ ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাঁদের বিরুদ্ধে ওঠা সমস্ত উসকানির অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন। পাল্টা দাবি করে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জানান যে, ছাত্ররাই এসে তাঁর কাছে আক্রান্ত হওয়ার অভিযোগ জানিয়েছে এবং তাঁকেও মারধর করা হয়েছে। সামাজিক মাধ্যমে এই ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়ায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন। গোটা ঘটনার পেছনে প্রকৃত সত্য কী, তা খতিয়ে দেখতে ইতিমধ্যে তদন্তে নেমেছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *