বহরমপুরে তৃণমূল নেতার ডেরায় বিরাট অস্ত্র ভাণ্ডার, রাজ্যজুড়ে অভিযান চালিয়ে উদ্ধার আগ্নেয়াস্ত্র ও কার্তুজ

রাজ্যজুড়ে শুরু হওয়া সন্ত্রাস বিরোধী অভিযানের অংশ হিসেবে বহরমপুরে এক তৃণমূল নেতার বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার করেছে বহরমপুর থানার পুলিশ। জেলা পুলিশ সুপার সচিন মক্কার এক সাংবাদিক বৈঠকে জানান, ২০১৭ সালের একটি খুনের চেষ্টার মামলায় সম্প্রতি আদালতে আত্মসমর্পণ করা বহরমপুর শহরের প্রাক্তন যুব তৃণমূল সভাপতি পাপাই ঘোষকে জিজ্ঞাসাবাদের পর এই উদ্ধারকাজ চালানো হয়। শুক্রবার রাতে তাঁর বাড়িতে তল্লাশি চালিয়ে দুটি ৯ এমএম পিস্তল, তিনটি ৭.৬৫ এমএম পিস্তল ও দুটি ওয়ান শট পাইপ গানসহ মোট ৭টি আগ্নেয়াস্ত্র, ৫টি ম্যাগাজিন এবং ১৮৬ রাউন্ড কার্তুজ বাজেয়াপ্ত করা হয়েছে।
এদিকে শক্তিপুর থানার পুলিশ পৃথক একটি মামলায় এক অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আরও দুজনকে গ্রেফতার করেছে। ধৃত জব্বর মণ্ডল ও আলমগীর শেখের কাছ থেকে তিনটি আগ্নেয়াস্ত্র, ছয়টি ম্যাগাজিন এবং ৪০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। পঞ্চায়েত পরবর্তী সময়ে রাজ্যজুড়ে অবৈধ অস্ত্র ও সন্ত্রাস দমনে পুলিশের এই ধারাবাহিক অভিযান বড়সড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে।