ভারতে কি সত্যিই বন্ধ হচ্ছে মুসলিমদের বহুবিবাহ? সুপ্রিম কোর্টের বড় মন্তব্যে তুঙ্গে জল্পনা

তিন তালাক বাতিলের পর এবার কি দেশে বন্ধ হতে চলেছে মুসলিমদের বহুবিবাহ প্রথা? একাধিক স্ত্রী রাখার অনুমতি দেওয়া ১৯৩৭ সালের মুসলিম ব্যক্তিগত আইন (শরিয়ত) অ্যাপ্লিকেশন অ্যাক্টের ২ নম্বর ধারার সাংবিধানিক ভিত্তিকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন জাকিয়া সোমান ও নূরজাহান সাফিয়া নিয়াজ-সহ ৫ জন আবেদনকারী। তাঁদের দায়ের করা যৌথ জনস্বার্থ মামলার প্রেক্ষিতে কেন্দ্র সরকারের মতামত চেয়েছে শীর্ষ আদালত। একইসঙ্গে ধর্ম নির্বিশেষে সব নাগরিকদের ক্ষেত্রে বহুবিবাহ প্রথা পুরোপুরি নিষিদ্ধ করতে দেশজুড়ে একটি সুনির্দিষ্ট আইন প্রণয়নের বিষয়টি খতিয়ে দেখতেও নির্দেশ দেওয়া হয়েছে।
আবেদনকারীদের মূল দাবি, ভারতীয় ন্যায় সংহিতার (BNS) ৮২ ধারা অনুযায়ী প্রথম বিবাহ বহাল থাকা অবস্থায় দ্বিতীয় বিয়ে করা ফৌজদারি অপরাধ হলেও, কেবল মুসলিম পুরুষদের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। এটি সংবিধানের ১৪, ১৫ ও ১৬ নম্বর অনুচ্ছেদে বর্ণিত সমতার মৌলিক অধিকারের চরম পরিপন্থী। এর আগে ২০১৭ সালে তাৎক্ষণিক তিন তালাক প্রথা অসাংবিধানিক ঘোষিত হলেও বহুবিবাহের বিষয়টি অধরা থেকে গিয়েছিল। তাই মুসলিম নারীদের অধিকার ও সমতা সুনিশ্চিত করতে বাধ্যতামূলক বিবাহ নথিভুক্তকরণ এবং আইন কমিশনের মাধ্যমে খসড়া আইন তৈরির জোরালো আর্জি জানানো হয়েছে।