স্বাস্থ্যসাথী, আয়ুষ্মান না মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, কোন কার্ডে ফ্রি চিকিৎসা? দূর হলো বিভ্রান্তি

রাজ্যে একই সঙ্গে স্বাস্থ্যসাথী, আয়ুষ্মান ভারত ও মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনা চালু থাকায় কোন কার্ডে চিকিৎসা মিলবে, তা নিয়ে তৈরি হওয়া ধোঁয়াশা কাটাতে নতুন নির্দেশিকা (SOP) জারি করল রাজ্য স্বাস্থ্য দফতর। নতুন নির্দেশ অনুযায়ী, প্রশাসনিক জটিলতা বা e-KYC আসাম্পূর্ণ থাকার অজুহাতে হাসপাতাল থেকে কোনো রোগীকে ফেরানো যাবে না। নথিতে সমস্যা থাকলেও কার্ড তৈরি না হওয়া পর্যন্ত রোগীরা স্বাস্থ্যসাথী প্রকল্পের অধীনেই সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা পাবেন। এছাড়া ই-কেওয়াইসি আসাম্পূর্ণ থাকলে তা দ্রুত সম্পন্ন করার দায়িত্ব হাসপাতাল কর্তৃপক্ষের ওপরই ন্যস্ত করা হয়েছে।
হাসপাতালে ভর্তি হওয়ার সময় প্রাথমিক ধাপে স্বাস্থ্যসাথীর পোর্টালে রোগীর আধার যাচাই করা হবে। সংশ্লিষ্ট ব্যক্তি আয়ুষ্মান ভারতের যোগ্য হলে এবং কার্ড তৈরি থাকলে সেই স্কিমেই চিকিৎসা শুরু হবে, আর যোগ্য না হলে মিলবে স্বাস্থ্যসাথীর সুবিধা। পোর্টালে কারিগরি ত্রুটি দেখা দিলে নির্ধারিত প্রক্রিয়া মেনে সরাসরি স্বাস্থ্যসাথীতে আবেদন করা যাবে। তবে রোগী যদি দুটি প্রকল্পের কোনোটিরই আওতাভুক্ত না হন, সে ক্ষেত্রে হাসপাতালে তৎক্ষণাৎ মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনার ফরম পূরণ করিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে বিরামহীন চিকিৎসা পরিষেবা নিশ্চিত থাকে।