ভাদ্রেও পিছু ছাড়ছে না দুর্যোগ! ফের বঙ্গোপসাগরে নিম্নচাপ, ভাসতে পারে বাংলা

বঙ্গোপসাগরে একের পর এক নিম্নচাপের ধাক্কা সামলে সদ্য রোদের মুখ দেখেছিল বাংলা। কিন্তু সেই স্বস্তি দীর্ঘস্থায়ী হচ্ছে না। ভাদ্রের শুরুতেই ফের এক দফায় ভারী বৃষ্টির আশঙ্কা বাড়িয়ে দুর্যোগের সসংকেত দিল আলিপুর আবহাওয়া দপ্তর।
উত্তর বঙ্গোপসাগরে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলের কাছে আগামী ২৪ ঘণ্টার মধ্যে নতুন একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে। এর ফলে সোমবার থেকেই রাজ্যের আবহাওয়া দ্রুত বদলাতে শুরু করবে। আবহবিদরা জানিয়েছেন, এই নিম্নচাপটির অভিমুখ যদি সরাসরি পশ্চিমবঙ্গের দিকে হয়, তবে কলকাতা-সহ দক্ষিণ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় ফের মুষলধারে বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
বর্তমানে মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ এবং অন্ধ্রপ্রদেশ-ওড়িশা উপকূলের কাছে একাধিক ঘূর্ণাবর্ত অবস্থান করছে। ফলে কেবল পশ্চিমবঙ্গই নয়, ওড়িশা, ছত্তিশগড়, উত্তরাখণ্ড ও উত্তরপ্রদেশের বিস্তীর্ণ এলাকাতেও আগামী দিনগুলিতে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর।