১০ লাখে মাত্র একজন! ৪ হাত ও ৪ পা নিয়ে জন্মাল বিরল শিশু, তাজ্জব চিকিৎসকেরা

১০ লাখ শিশুর মধ্যে কেবল একজনের ক্ষেত্রে ঘটে এমন অসাধ্য ঘটনা! মধ্যপ্রদেশের লবকুশ নগর সরকারি স্বাস্থ্যকেন্দ্রে সম্প্রতি জন্ম নিয়েছে এক বিরল শারীরিক গঠনের শিশু, যার হাত ও পায়ের সংখ্যা চারটি করে। অস্বাভাবিক এই নবজাতকের জন্মের খবর ছড়িয়ে পড়তেই হাসপাতাল চত্বরে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়। চিকিৎসকদের বিস্ময়ের শেষ না থাকলেও, শিশুটির বাবা শিবচরণ আহিরওয়ার বিষয়টিকে ঈশ্বরীয় অলৌকিক ঘটনা বলেই মনে করছেন।
লবকুশ নগরের বাসিন্দা নীতু আহিরওয়ার প্রসব বেদনা উঠলে তাঁর স্বামী তাঁকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করেন। সেখানে সন্তান প্রসবের পর কর্তব্যরত নার্স ও চিকিৎসকরা শিশুটিকে দেখে বাকরুদ্ধ হয়ে যান। শিশুটির শরীরে অতিরিক্ত অঙ্গপ্রতঙ্গ অর্থাৎ ৪টি হাত ও ৪টি পা বিদ্যমান। হাসপাতালের বিএমও (BMO) ডা. লাখান সিং ও প্রায় ১৫ বছরের অভিজ্ঞ নার্স মনিকা শ্রীবাস্তব জানান, গর্ভস্থ অবস্থায় শারীরিক বৃদ্ধি সঠিকভাবে না হওয়ার ফলেই এই বিরল অবস্থার সৃষ্টি হয়েছে।
বর্তমানে মা ও শিশু দুজনই বিপদমুক্ত রয়েছেন। তবে উন্নত চিকিৎসাপদ্ধতি ও জটিল অস্ত্রোপচারের সম্ভাবনার কথা মাথায় রেখে শিশুটিকে জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। সেখান থেকে সরকারি বিশেষ সহায়তায় এয়ার অ্যাম্বুলেন্সে করে জবলপুরে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।