অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্যজুড়ে হাহাকার! পোর্টাল খুলতেই জমা পড়ল লাখ লাখ অভিযোগ?

বিজেপি সরকারের আলোচিত অন্নপূর্ণা যোজনা ঘিরে বিতর্ক দিন দিন তীব্র আকার ধারণ করছে। রাজ্যের ১ কোটি ৪৫ লক্ষ মহিলার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হলেও, বহু আবেদনকারী দীর্ঘ ফর্ম পূরণ করেও নির্দিষ্ট সময়ে আর্থিক সাহায্য না পাওয়ায় ক্ষোভ ছড়িয়েছে। বাধ্য হয়েই বঞ্চিত মহিলারা বিভিন্ন পঞ্চায়েত ও পুরসভা কার্যালয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন। পরিস্থিতি সামাল দিতে এবং উপভোক্তাদের অভিযোগ শুনতে গত ১৯ আগস্ট চালু করা হয় ‘অন্নপূর্ণা যোজনা সোশ্যাল রেজিস্ট্রি’ পোর্টাল।
প্রশাসন সূত্রে জানা গেছে, পোর্টালটি খোলার মাত্র প্রথম দু’দিনের মধ্যে সাড়ে তিন লক্ষেরও বেশি অভিযোগ জমা পড়েছে। এই পোর্টালের মাধ্যমে যোগ্য উপভোক্তারা টাকা না পাওয়ার অভিযোগ জানাতে এবং প্রয়োজনীয় নথি পুনর্যাচাইয়ের জন্য আপলোড করতে পারছেন। পাশাপাশি, অযোগ্য কেউ প্রকল্পের সুবিধা নিচ্ছেন কি না, তাও জানানোর সুযোগ রাখা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সকলের অ্যাকাউন্টে টাকা পৌঁছানোর প্রতিশ্রুতি দেওয়া হলেও হাজার হাজার বঞ্চিত মানুষের এই বিশাল অভিযোগের পাহাড় পুরো প্রশাসনিক ব্যবস্থাকেই প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে।