মীরা ভট্টাচার্যের শারীরিক অবস্থা স্থিতিশীল, কালই হাসপাতাল থেকে বাড়ি ফিরছেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর পত্নী!

পশ্চিমবঙ্গের প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্যের শারীরিক অবস্থা বর্তমানে সম্পূর্ণ স্থিতিশীল রয়েছে। গত ২১ আগস্ট পেটের তীব্র যন্ত্রণা ও শারীরিক জটিলতার কারণে ৭৬ বছর বয়সি মীরাদেবীকে কলকাতার উডল্যান্ডস মাল্টিস্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ সরোজ মণ্ডল, গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট ডাঃ শাশ্বত চট্টোপাধ্যায় এবং এন্ডোক্রিনোলজিস্ট ডাঃ সীমন্তী চক্রবর্তীর সমন্বয়ে গঠিত একটি বিশেষ মাল্টিডিসিপ্লিনারি মেডিক্যাল বোর্ডের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলে।
হাসপাতালের এমডি ও সিইও রূপক বড়ুয়া জানিয়েছেন যে, তাঁর সমস্ত প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও মূল্যায়ন সফলভাবে সম্পন্ন হয়েছে এবং চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তিনি দ্রুত সুস্থ হয়ে উঠছেন। যদি তাঁর শারীরিক অবস্থা এইভাবেই স্থিতিশীল থাকে, তবে আগামী ২৫ আগস্ট মঙ্গলবার বিকেলেই তাঁকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হবে। হাসপাতাল থেকে ছাড়ার আগমুহূর্ত পর্যন্ত তাঁর স্বাস্থ্যের ওপর সমানভাবে নজরদারি বজায় রাখা হবে বলে জানানো হয়েছে।