ভিক্ষা করে জমানো সাড়ে আট লক্ষ টাকা অথচ জোটে না চিকিৎসা, শেষ পর্যন্ত যা মিলল ঘরে…

কর্নাটকের মাণ্ড্য জেলায় এক বৃদ্ধা ভিখারির মর্মান্তিক মৃত্যুর পর তাঁর ভাড়া করা ঘর থেকে উদ্ধার হয়েছে বস্তাভর্তি নগদ টাকা। মৃত ৬৮ বছরের হুর উন্নিসা আজীবন ভিক্ষাবৃত্তি করে জীবন চালিয়েছিলেন এবং অসুস্থতার সময়ে চিকিৎসার অভাবে তাঁর মৃত্যু হয়। মৃত্যুর খবর পেয়ে প্রতিবেশীরা ঘরে প্রবেশ করে হতবাক হয়ে যান, কারণ সেখানে ১০, ২০, ৫০ টাকার নোট ও অজস্র মুদ্রা ভরা প্রায় ৩০টি বস্তা দেখতে পান। পুলিশ সূত্রে জানা যায়, হুর উন্নিসার মৃত্যুর পর তাঁর জমানো ওই বিপুল অর্থ দুই ভাইয়ের মধ্যে ভাগ করে দেওয়া হয়, যার মধ্যে এক ভাই ২ লক্ষ ৪০ হাজার টাকা একটি মসজিদে দান করেন।
সারা জীবন চরম কষ্টে দিন কাটানো এবং অনাহারে ও চিকিৎসার অভাবে ধুঁকে ধুঁকে মারা যাওয়া ওই বৃদ্ধার ঘরে এমন বিপুল পরিমাণ অর্থ পাওয়ার ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বোন দু’বছর আগে মারা যাওয়ার পর থেকে হুর উন্নিসা একাই ওই ঘরে বসবাস করছিলেন এবং মৃত্যুর পর তাঁর অর্জিত সাড়ে আট লক্ষ টাকার খোঁজ মিললেও তা তাঁর নিজের কোনো কাজেই আসেনি। পরিজনদের মধ্যে টাকা ভাগাভাগি হয়ে গেলেও, বঞ্চনা ও অবহেলার মাঝে ঘটে যাওয়া এই অস্বাভাবিক ঘটনাটি স্থানীয় বাসিন্দাদের মনে গভীর শোক ও বিস্ময়ের জন্ম দিয়েছে।