মাংসের দোকানে মানুষের খুলি! চাঞ্চল্যকর রহস্যে তোলপাড় গঙ্গাসাগর!

দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগর এলাকার কৃষ্ণনগর বাজারে একটি মাংসের দোকান থেকে মানুষের মাথার খুলি উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, বাজারের বাসিন্দা শত্রুগণ দাস একটি ব্যাগের মধ্যে ওই খুলি দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন। এই ঘটনায় স্থানীয় মহলে ব্যাপক কৌতূহল ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত দোকানদার আইয়ুব আলি শেখ দাবি করেছেন, তাঁর এক নাবালক ছেলে খালের ধারে মাছ ধরতে গিয়ে খুলিটি কুড়িয়ে পেয়েছিল এবং সেটি বাড়িতে এনে রেখেছিল। তবে কীভাবে মানুষের মাথার খুলিটি খালের ধারে এল এবং এর নেপথ্যে কোনো অপরাধমূলক রহস্য লুকিয়ে রয়েছে কি না, তা নিয়ে ধোঁয়াশা কাটেনি।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় সাগর থানার পুলিশ। পুলিশ খুলিটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কাকদ্বীপ মর্গে পাঠিয়েছে এবং দোকানদারকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। এদিকে, অভিযুক্ত ব্যক্তি স্থানীয়ভাবে তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত থাকায় এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও চাপানউতোর শুরু হয়েছে। তবে রাজনৈতিক পরিচয়ের সঙ্গে এই ঘটনার কোনো যোগসূত্র রয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়। ময়নাতদন্ত ও ফরেন্সিক পরীক্ষার রিপোর্ট হাতে এলেই এই ঘটনার প্রকৃত সত্য এবং খুলির উৎস সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যাবে বলে জানিয়েছে তদন্তকারী পুলিশ কর্মকর্তারা।