যাদবপুরের অশান্তির নেপথ্যে দেশবিরোধী শক্তি? প্রথম বৈঠকে বসল তদন্ত কমিশন!

যাদবপুরের অশান্তির নেপথ্যে দেশবিরোধী শক্তি? প্রথম বৈঠকে বসল তদন্ত কমিশন!

গত ১৯ আগস্ট যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদের সাধারণ সভাকে কেন্দ্র করে ঘটে যাওয়া ব্যাপক সংঘর্ষ ও উত্তেজনার ঘটনা খতিয়ে দেখতে অবশেষে মাঠে নামল তিন সদস্যের তদন্ত কমিশন। বৃহস্পতিবার মূল ক্যাম্পাসের পরিবর্তে সল্টলেক ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় এই কমিশনের প্রথম বৈঠক। কলকাতা হাই কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি প্রণবকুমার চট্টোপাধ্যায়ের সভাপতিত্বে আয়োজিত বৈঠকে উপস্থিত ছিলেন অধ্যাপক সৌমেন্দু চট্টোপাধ্যায় ও মাইক্রো অ্যানালিস্ট সুমন্ত জানা। বৈঠকে কমিশনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়, জমা পড়া সমস্ত অভিযোগ, সংবাদমাধ্যমের ক্লিপিংস এবং বিশ্ববিদ্যালয়ের দেওয়া তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে দ্রুত তদন্ত সম্পন্ন করা হবে। তবে কমিশনে ছাত্র প্রতিনিধি রাখার দাবি এখনও মান্যতা পায়নি।

অন্য দিকে, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবাধে বহিরাগতদের প্রবেশ ও নৈরাজ্যের অভিযোগ তুলে ইতিমধ্যে কলকাতা হাই কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। আগামী সোমবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এই মামলার জরুরি শুনানির সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, গত ১৯ আগস্ট এবিভিপি ও বাম ছাত্র সংগঠনের সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছিল যাদবপুর ক্যাম্পাস। ভাঙচুর ও ঐতিহ্যবাহী এমব্লেম ভেঙে ফেলার ঘটনায় রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়, যার জেরে এই উচ্চপর্যায়ের তদন্ত কমিশন গঠন করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *