যাদবপুরে বিটেক ভরতির নামে ৬ লক্ষ টাকার প্রতারণা! ফাঁস চাঞ্চল্যকর জালিয়াতি চক্র

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বিটেক কোর্সে ভরতি করিয়ে দেওয়ার নাম করে এক অভিভাবকের কাছ থেকে লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল একটি বেসরকারি কনসালটেন্সি এজেন্সির বিরুদ্ধে। ভুক্তভোগী ফুলবাগান থানায় লিখিত অভিযোগ দায়ের করার পর নড়েচড়ে বসেছে পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, অভিযুক্ত সংস্থাকে ধাপে ধাপে মোট ছয় লক্ষ টাকা দিয়েছিলেন ওই অভিভাবক। ভরতি নিশ্চিত করার কথা বলে তাঁকে বিশ্ববিদ্যালয়ের নামে একাধিক ভুয়া নথিও ধরানো হয়েছিল।
পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সরাসরি যোগাযোগ করলে এই জালিয়াতির বিষয়টি প্রকাশ্যে আসে। যাদবপুর কর্তৃপক্ষের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, ওই নথিগুলি সম্পূর্ণ জাল এবং তাদের তরফে কোনো ভরতি নিশ্চিত করা হয়নি। এই ঘটনার পর থেকেই গা ঢাকা দিয়েছে অভিযুক্ত এজেন্সির লোকজন। প্রতারকদের টিকি ছুঁতে এখন তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে ফুলবাগান থানার পুলিশ। শিক্ষার নামে এমন অভিনব প্রতারণা চক্র কীভাবে সক্রিয় হয়ে উঠল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।