শত্রুর আকাশ চোখ অন্ধ করতে ভারতের হাতে আসছে রাশিয়ার ভয়ংকর ক্ষেপণাস্ত্র!

ভারতীয় বায়ুসেনার সুখোই যুদ্ধবিমানগুলিকে আরও শক্তিশালী করতে রাশিয়ার থেকে ৩০০টি ‘আর-৩৭এম আওয়াক্স কিলার’ ক্ষেপণাস্ত্র কিনতে চলেছে প্রতিরক্ষা মন্ত্রক। প্রায় ১.২ বিলিয়ন ডলারের এই চুক্তির ফলে আগামী কয়েক মাসের মধ্যেই সুখোই বহরে যুক্ত হতে চলেছে এই শক্তিশালী অস্ত্র। ন্যাটো কোডনেম ‘এএ-১৩ এক্সহেড’-এর এই ক্ষেপণাস্ত্র যুদ্ধক্ষেত্রের গতিপথ বদলে দিতে সক্ষম। এর মূল কাজ হলো যুদ্ধক্ষেত্রে শত্রুর সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম, বিশেষ করে আওয়াক্স (AWACS) রাডার বিমান, রিফুয়েলিং ট্যাঙ্কার এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার বিমান ধ্বংস করে শত্রুকে অন্ধ ও বিকলাঙ্গ করে দেওয়া।
পরিস্থিতি অনুযায়ী ৩০০ থেকে ৪০০ কিলোমিটার পাল্লার এই ক্ষেপণাস্ত্রটির ওজন ৫৬১ কেজি এবং এটি ৬০ কেজির ওয়ারহেড বহনে সক্ষম। এটি প্রথমে ইনার্শিয়াল নেভিগেশনে উড়ে মাঝপথে আপডেট নিয়ে এবং শেষ মুহূর্তে নিজের রাডার দিয়ে লক্ষ্যবস্তুতে নিখুঁত আঘাত হানে। উল্লেখ্য, অতীতে অপারেশন সিঁদুর চলাকালীন চিনের সাহায্যে এ ধরনের রাডার বিমান ভারতের বিরুদ্ধে ব্যবহার করেছিল পাকিস্তান। বর্তমানে চিন ও পাকিস্তানের দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের বিপরীতে ভারতের নিজস্ব অস্ত্র পরীক্ষা পর্যায়ে থাকায়, এই শূন্যস্থান পূরণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে রাশিয়ান এই অস্ত্র।