৭৬ বছর ধরে চোখের সামনে থেকেও আড়ালে, কলকাতার বুকে এই গবেষণা কেন্দ্রের আসল কাজ জানেন কি!

সিএসআইআর-কেন্দ্রীয় কাচ ও সেরামিক গবেষণা সংস্থার ৭৬তম প্রতিষ্ঠা দিবসে প্রতিষ্ঠানটির ‘রাষ্ট্রীয় গুরুত্ব’ বাড়ানোর ঘোষণা করলেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। এতদিন যাদবপুরের এই স্বনামধন্য প্রতিষ্ঠানের সঙ্গে রাজ্য সরকারের সরাসরি কোনো প্রাতিষ্ঠানিক সম্পর্ক না থাকলেও, এবার সরকারি অর্থ সাহায্য ও সহযোগিতা বাড়াতে কেন্দ্রীয় সরকারের কাছে জোরালো দরবার করা হবে বলে তিনি জানান। ১৯৫০ সালে প্রতিষ্ঠিত এই কেন্দ্রটি মূলত কাচ, সিরামিক, বায়োমেটেরিয়ালস, ফাইবার অপটিক্স এবং ন্যানোম্যাটেরিয়ালস নিয়ে কাজ করলেও সাধারণ মানুষের কাছে এর ভূমিকা বহুদিনই অজানা ছিল।
অনুষ্ঠানে সংস্থার ডিরেক্টর বিক্রমজিৎ বসু জানান, কেবল গবেষণাপত্র প্রকাশ নয়, বরং তাদের তৈরি উন্নত প্রযুক্তি যেমন স্বচ্ছ আর্মার গ্লাস, হাইপারসনিক র্যাডোম ও কৃত্রিম উপগ্রহের সরঞ্জাম ডিআরডিও এবং ইসরো-র মতো সংস্থায় সফলভাবে ব্যবহৃত হচ্ছে। এমনকি জার্মানির একচেটিয়া বাজার ভেঙে তারা দেশীয় প্রযুক্তিতে সিরামিক হেড ও অপটিক্যাল গ্লাস তৈরি করছেন। এই বৈজ্ঞানিক উদ্ভাবনগুলিকে বাণিজ্যিক ও শিল্প ক্ষেত্রে আরও বেশি করে কাজে লাগাতে এবং বাংলার বৃহৎ শিল্পের সঙ্গে গবেষণাকেন্দ্রটির নিবিড় মেলবন্ধন ঘটাতে এবার বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে।