এবার মুসলিম ন্যাটোয় যোগ দিচ্ছে ঢাকা! বিস্ফোরক ইঙ্গিতে শোরগোল ফেলা সিদ্ধান্ত বাংলাদেশের বিদেশমন্ত্রীর

ইসলামি দেশগুলিকে প্রতিরক্ষা ক্ষেত্রে একছাতার তলায় আনতে সম্প্রতি গঠিত হয়েছে ‘মক্কা চুক্তি’ বা ‘মুসলিম ন্যাটো’। সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের পর এবার এই জোটে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ। বৃহস্পতিবার দেশটির সংসদ অধিবেশন চলাকালীন বিদেশমন্ত্রী খলিলুর রহমান জানান, আমন্ত্রণ পেলে এই চুক্তিতে যোগ দেওয়ার বিষয়টি অত্যন্ত ইতিবাচকভাবে বিবেচনা করবে ঢাকা। তিনি আরও বলেন, এই চুক্তি মুসলিম সমাজের আত্মরক্ষার একটি ব্যবস্থা এবং এটি তাদের অভ্যন্তরীণ বিষয়। এর আগে বিদেশ প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরও মধ্যপ্রাচ্যের এই নিরাপত্তা জোটে অংশগ্রহণের ইঙ্গিত দিয়েছিলেন। ওয়াকিবহাল মহলের মতে, বাংলাদেশ শেষ পর্যন্ত এই সামরিক জোটে যুক্ত হলে ভারতের সঙ্গে তাদের দীর্ঘদিনের কূটনৈতিক সম্পর্কে আরও টানাপোড়েন তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।
উল্লেখ্য, গত ৭ আগস্ট সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের রাষ্ট্রপ্রধানদের উপস্থিতিতে মক্কায় এই ঐতিহাসিক সামরিক চুক্তি স্বাক্ষরিত হয়। এই ইসলামিক জোটের মূল শর্ত অনুযায়ী, চুক্তিবদ্ধ দেশগুলির মধ্যে যদি কোনো একটি রাষ্ট্রে হামলা হয়, তবে বাকি দেশগুলি তাকে নিজেদের ওপর আক্রমণ হিসেবে গণ্য করবে। সাম্প্রতিক সময়ে ভারতের সঙ্গে ঢাকার সম্পর্কে কিছুটা দূরত্ব তৈরি হওয়ার গুঞ্জনের মধ্যেই বাংলাদেশের এই সম্ভাব্য পদক্ষেপ আন্তর্জাতিক কূটনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।