‘উত্তম কুমারের শুরুর দিকের ছবি চলেনি, তবুও…’ ‘মন কি বাত’-এ মহানায়ককে নিয়ে কোন অজানা কথা শোনালেন প্রধানমন্ত্রী?

৩ সেপ্টেম্বর বাংলা সিনেমার ‘মহানায়ক’ উত্তম কুমারের জন্মশতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর ‘মন কি বাত’ অনুষ্ঠানের ১৩৭তম পর্বে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন। তিনি জানান, ১৯৪৮ সালে ‘দৃষ্টিদান’ ছবির মাধ্যমে অভিনয় জীবন শুরু করলেও মহানায়কের শুরুর দিকের বেশ কয়েকটি ছবি বক্স অফিসে সফল হয়নি। কিন্তু ১৯৫২ সালের ‘বসু পরিবার’ এবং ১৯৫৩ সালের ‘সাড়ে চুয়াত্তর’ তাঁর কেরিয়ারের মোড় ঘুরিয়ে দেয়।
প্রধানমন্ত্রী আরও বলেন, পরিচালক সত্যজিৎ রায় ‘নায়ক’ ছবির চিত্রনাট্য উত্তম কুমারকে কথা মাথায় রেখেই লিখেছিলেন। সত্যজিৎ রায়ের মন্তব্য উদ্ধৃত করে মোদী জানান, উত্তম কুমারের অসাধারণ আবেগীয় গভীরতা এবং মার্জিত রুচি ছিল, আর তিনি প্রতিটি চরিত্রের জন্য কঠোর পরিশ্রম করতেন। ‘অগ্নিপরীক্ষা’, ‘হারানো সুর’, ‘সপ্তপদী’র মতো কালজয়ী ছবি এবং ১৯৬৭ সালে ‘অ্যান্টনি ফিরিঙ্গি’ ও ‘চিড়িয়াখানা’র জন্য জাতীয় পুরস্কার পাওয়া এই কিংবদন্তি ১৯৮০ সালে প্রয়াত হলেও বাঙালির হৃদয়ে চিরভাস্বর।