ভোগপুরে ছাত্রীমৃত্যুতে তীব্র আতঙ্ক! নিরাপত্তার দাবিতে পথ সচেতনতা শিবিরের উদ্যোগ স্কুলের

ভোগপুরে ছাত্রীমৃত্যুতে তীব্র আতঙ্ক! নিরাপত্তার দাবিতে পথ সচেতনতা শিবিরের উদ্যোগ স্কুলের

কোলাঘাট: ট্রেনের ধাক্কায় ভোগপুর কেনারাম মেমোরিয়াল হাইস্কুলের নবম শ্রেণির ছাত্রী সোমা জানার মর্মান্তিক মৃত্যুর পর থেকেই চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন স্থানীয় পড়ুয়া ও অভিভাবকরা। গত মঙ্গলবার এই মর্মান্তিক দুর্ঘটনার পর থেকে ভয়ে অনেক শিক্ষার্থী স্কুলেই আসছে না। আবার অনেক অভিভাবক ঝুঁকি না নিয়ে নিজেরাই সন্তানদের স্কুলে পৌঁছে দিচ্ছেন এবং ছুটি হলে সাথে করে নিয়ে ফিরছেন। ঘন ঘন এমন প্রাণহানির ঘটনার পর রেল কর্তৃপক্ষের ওপর ভরসা হারাচ্ছেন ভোগপুর ও দেড়িয়াচক এলাকার বাসিন্দারা। এমন পরিস্থিতিতে শিক্ষার্থীদের সুরক্ষিত রাখতে ও পথ নিরাপত্তা নিয়ে সচেতন করতে আজ, সোমবার স্কুলে একটি বিশেষ সেমিনারের আয়োজন করেছে ভোগপুর হাইস্কুল কর্তৃপক্ষ।

পূর্ব মেদিনীপুরের কোলাঘাট ব্লক শিক্ষায় বেশ এগিয়ে থাকলেও ভোগপুর, দেড়িয়াচক ও সাগরবাড় অঞ্চলের পড়ুয়াদের কাছে প্রতিদিন স্কুলে যাওয়া মানেই এক চরম ঝুঁকির কাজ। ভোগপুর স্টেশনের ঠিক পাশেই অবস্থিত এই হাইস্কুলটির দূরত্ব রেললাইন থেকে মাত্র ৫০ ফুট। ২৩৭৬ জন ছাত্রছাত্রীর মধ্যে প্রায় এক হাজার পড়ুয়া প্রতিদিন ট্রেনে যাতায়াত করে। বাকিদেরও রেললাইন ঘেঁষে বা লাইন পার হয়ে স্কুলে যেতে হয়। বছরের পর বছর ধরে দাবি জানানো সত্ত্বেও এখানে কোনো লেভেল ক্রসিং বা আন্ডারপাস তৈরি করেনি রেল প্রশাসন।

সোমার মৃত্যুর পর থেকে ভয় গ্রাস করেছে অন্য ছাত্রছাত্রী ও অভিভাবকদেরও। সপ্তম শ্রেণির ছাত্রী প্রীতি আদক জানায়, যেই পথ দিয়ে দুর্ঘটনা ঘটেছে, প্রতিদিন তাকেও সেই পথেই স্কুলে আসতে হয়। যাতায়াতের সময় ট্রেন চলে এলে আতঙ্কিত হয়ে দাঁড়িয়ে থাকা ছাড়া আর কোনো উপায় থাকে না। অন্যদিকে এক অভিভাবক সন্ধ্যা মাইতি জানান, এই দুর্ঘটনার পর তিনি এখন প্রতিদিন নিজে দাঁড়িয়ে থেকে মেয়েকে স্কুলে পৌঁছে দিচ্ছেন ও নিয়ে আসছেন। শুধু এই স্কুলটিই নয়, কাছের দুটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকরাও এই পরিস্থিতিতে ভীষণ চিন্তিত।

পড়ুয়াদের মধ্যে এই আতঙ্ক কাটাতে ও সুরক্ষার নিয়ম শেখাতে উদ্যোগী হয়েছেন ভোগপুর হাইস্কুল কর্তৃপক্ষ। স্কুলের প্রধান শিক্ষক সুবীর মাইতি জানিয়েছেন, আন্ডারপাস নির্মাণের দাবি জানিয়ে রেলের বিভিন্ন বিভাগে আবারও চিঠি পাঠানো হয়েছে। পাশাপাশি, ছাত্রছাত্রীদের রেললাইন নিরাপদে পারাপারের কৌশল ও পথ নিরাপত্তা বিষয়ে সচেতন করতে আজ পাঁশকুড়া জিআরপি (GRP) থানার সহযোগিতায় স্কুলে একটি সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *