কলকাতায় ভোটের হাওয়া: ‘ঝাড়াই-বাছাই’ প্রার্তী তালিকায় তৃণমূলকে রুখতে তৈরি বিজেপির মাস্টারপ্ল্যান!

কলকাতায় ভোটের হাওয়া: ‘ঝাড়াই-বাছাই’ প্রার্তী তালিকায় তৃণমূলকে রুখতে তৈরি বিজেপির মাস্টারপ্ল্যান!

দুর্গাপুজো কাটলেই হতে পারে কলকাতা ও হাওড়া পুরসভার নির্বাচন। আর এই সম্ভাবনাকে কেন্দ্র করেই রাজ্য রাজনীতিতে পারদ চড়তে শুরু করেছে। পুরভোটকে পাখির চোখ করে ইতিমধ্যেই আঁটঘাট বেঁধে নেমে পড়েছে রাজ্য বিজেপি। নির্বাচনী পরিচালনার ইনচার্জ হিসেবে দায়িত্ব নেওয়ার পরপরই সক্রিয় হয়ে উঠেছেন সুকান্ত মজুমদার। এ নিয়ে মুরলীধর সেন লেনের দলীয় কার্যালয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠকও অনুষ্ঠিত হয়।

ভোটের রণকৌশল ও প্রার্থী চয়ন নিয়ে দলের মনোভাব স্পষ্ট করেছেন সুকান্ত মজুমদার। তিনি জানান, এবার প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে কোনো ‘আদি-নব্য’ বিতর্ককে স্থান দেওয়া হবে না। যার সমাজে স্বচ্ছ ভাবমূর্তি রয়েছে, মানুষের কাছে গ্রহণযোগ্যতা আছে এবং যিনি নিয়মিত সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ রাখেন, তিনিই পাবেন টিকিট। অর্থাৎ, একাধিক স্তরে ‘ঝাড়াই-বাছাই’ করেই চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে পদ্ম শিবির। একই সঙ্গে ওয়ার্ড স্তরে প্রচার জোরদার করার পরিকল্পনাও করা হচ্ছে।

তবে বিজেপির এই আগাম প্রস্তুতিকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ তৃণমূল কংগ্রেস। শাসকদলের পক্ষে কুণাল ঘোষ দাবি করেন, বিরোধীরা যতই রণকৌশল সাজাক না কেন, কলকাতা পুরবোর্ডে ফের ঘাসফুল শিবিরই জয়যুক্ত হবে। সব মিলিয়ে, উৎসবের মরশুম শুরুর আগেই পুরভোটকে কেন্দ্র করে শহরের রাজনৈতিক আবহাওয়া বেশ উত্তপ্ত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *