রাজনীতিতে বেনামি অনুদান বন্ধের মুখে? সুপ্রিম কোর্টে এবার ২ হাজার টাকার নগদ ছাড়কে চ্যালেঞ্জ

রাজনীতিতে বেনামি অনুদান বন্ধের মুখে? সুপ্রিম কোর্টে এবার ২ হাজার টাকার নগদ ছাড়কে চ্যালেঞ্জ

রাজনৈতিক দলগুলির বেনামি এবং নগদ অনুদান গ্রহণের আইনি বৈধতা নিয়ে আবারও কড়া অবস্থান নিল সুপ্রিম কোর্ট। আয়কর আইনের ১৩এ (13A) ধারা অনুযায়ী, রাজনৈতিক দলগুলি ২ হাজার টাকার কম অঙ্কের নগদ অনুদান দাতার পরিচয় গোপন রেখে গ্রহণ করতে পারে। এই নিয়মকে অসাংবিধানিক দাবি করে দায়ের হওয়া একটি মামলার শুনানি হতে চলেছে বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে।

এর আগে সুপ্রিম কোর্ট এই বিষয়ে কেন্দ্র সরকার ও নির্বাচন কমিশন সহ সব পক্ষকে নোটিশ পাঠিয়ে জবাব চেয়েছিল। মামলাকারী খেমে সিং ভাটির বক্তব্য, এ ধরনের গোপন অনুদান নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা নষ্ট করে এবং ভোটারদের তথ্য জানার অধিকার ছিনিয়ে নেয়, যার ফলে নাগরিকরা সঠিক বিচারবিবেচনা করে ভোট দিতে পারেন না।

আবেদন জানানো হয়েছে, দলগুলির নথিভুক্তিকরণ ও প্রতীক বরাদ্দের সময় নির্বাচন কমিশন যেন স্পষ্ট করে দেয় যে কোনো ধরনের নগদ অনুদান নেওয়া যাবে না। উল্লেখ্য, ২০২৪ সালে সুপ্রিম কোর্ট নির্বাচনী বন্ড (Electoral Bonds) অসাংবিধানিক ঘোষণা করে বাতিল করেছিল। এবার নগদ অনুদানের ক্ষেত্রে শীর্ষ আদালত কী সিদ্ধান্ত নেয়, সেদিকেই নজর রাখছে রাজনৈতিক মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *