RSS ও সরকারের সমালোচনা মানা হলেও তেরঙ্গার অপমান নয়, নিউ ইয়র্ক কাণ্ডে গর্জে উঠলেন কিরেন রিজিজু

RSS ও সরকারের সমালোচনা মানা হলেও তেরঙ্গার অপমান নয়, নিউ ইয়র্ক কাণ্ডে গর্জে উঠলেন কিরেন রিজিজু

আমেরিকার নিউ ইয়র্কের বিখ্যাত ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে ভারতীয় জাতীয় পতাকার অবমাননার অভিযোগ ঘিরে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা কিরেন রিজিজু বিক্ষোভকারীদের কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি স্পষ্ট ভাষায় জানান, আরএসএস (RSS), বিজেপি বা ভারত সরকারের বিরুদ্ধে সমালোচনা করার গণতান্ত্রিক অধিকার সবার রয়েছে, কিন্তু জাতীয় পতাকা ও দেশের অপমান কোনোভাবেই বরদাস্ত করা হবে না।

ম্যাডিসন স্কোয়ার গার্ডেনের ‘ইনফোসিস থিয়েটার’-এ ‘Universal Oneness Celebration’ শীর্ষক এক অনুষ্ঠানে বক্তব্য রাখার কথা ছিল আরএসএস প্রধান মোহন ভাগবতের। সংগঠনটির শতবর্ষ পূর্তি উপলক্ষে আয়োজিত বিশ্বব্যাপী কর্মসূচির অংশ হিসেবে তিনি বর্তমানে আমেরিকা সফরে রয়েছেন। অনুষ্ঠান চলাকালীন বাইরে বিক্ষোভ প্রদর্শন করে খালিস্তানপন্থী নিষিদ্ধ সংগঠন ‘Sikhs for Justice’ (SFJ)-এর সমর্থকরা।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া কিছু ভিডিওতে দেখা গেছে, বিক্ষোভকারীদের একজন তেরঙ্গা পায়ে বেঁধে ছবি তুলছে এবং অন্য কয়েকজন জাতীয় পতাকা ছিঁড়ে ফেলার চেষ্টা করছে। এছাড়া মোহন ভাগবতের কাট-আউট পোস্টারে জুতোর মালা পরানো এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও আরএসএস-এর বিরুদ্ধে স্লোগান দেওয়ার অভিযোগ উঠেছে।

সামাজিক মাধ্যম X-এ কিরেন রিজিজু লেখেন, “রাজনৈতিক দল বা সরকারের প্রতিবাদ করা আর দেশকে অপমান করা এক জিনিস নয়। জাতীয় পতাকার সম্মান ক্ষুণ্ণ করলে তার পরিণাম অত্যন্ত গুরুতর হতে পারে।”

উল্লেখ্য, মোহন ভাগবতের এই সফরকে কেন্দ্র করে আগে থেকেই বিতর্ক চলছিল এবং মার্কিন সংস্থা USCIRF-এর পক্ষ থেকেও আরএসএস-এর ওপর নিষেধাজ্ঞার দাবি তোলা হয়েছিল। তবে নিউ ইয়র্কের মাটিতে জাতীয় পতাকার অবমাননার পর রাজনৈতিক ও কূটনৈতিক মহলে নতুন করে জোর বিতর্ক শুরু হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *