দিল্লিগামী বাসে ১৬ বছরের কিশোরীকে গণধর্ষণ, গ্রেপ্তার চালক ও কন্ডাক্টর

দিল্লিগামী বাসে ১৬ বছরের কিশোরীকে গণধর্ষণ, গ্রেপ্তার চালক ও কন্ডাক্টর

উত্তরপ্রদেশ থেকে দিল্লিগামী একটি স্লিপার বাসে ১৬ বছরের এক কিশোরীকে গণধর্ষণের চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। নির্যাতিতা একাদশ শ্রেণির ওই ছাত্রী উত্তরপ্রদেশের মৈনপুরার বাসিন্দা। ঘটনায় জড়িত থাকার অভিযোগে বাসের চালক কুলদীপ এবং কন্ডাক্টর সন্দীপকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ।

ঘটনাটি গত ৪ আগস্টের হলেও সোমবার সকালে দিল্লি পুলিশ বিষয়টি প্রকাশ্যে আনে। পারিবারিক বিবাদের জেরে ওই কিশোরী বাড়ি ছেড়ে নয়ডায় তার এক আত্মীয়ের বাড়ি যাচ্ছিল। তুমুল বৃষ্টির কারণে ভুলবশত নয়ডা পৌঁছানোর আগেই সে নির্দিষ্ট স্টপেজের আগেই বাস থেকে নেমে পড়ে।

বৃষ্টির হাত থেকে বাঁচতে ও গন্তব্যে পৌঁছাতে কিশোরী রাস্তায় দাঁড়িয়ে অন্যান্য গাড়ির সাহায্য চাওয়ার চেষ্টা করে। সে সময় দিল্লিগামী একটি খালি স্লিপার বাস সেখানে এসে থামে। বাসটিতে কোনো যাত্রী ছিল না; যান্ত্রিক ত্রুটি সারিয়ে সেটি দিল্লি ফিরছিল। নয়ডা পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়ে বাসের চালক ও কন্ডাক্টর কিশোরীকে গাড়িতে তোলে।

পুলিশের কাছে দেওয়া বয়ানে কিশোরী জানিয়েছে, চলন্ত বাসেই প্রথমে কন্ডাক্টর এবং পরে চালক তার ওপর পাশবিক অত্যাচার চালায়। কাউকে কিছু জানালে তাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। এরপর গভীর রাতে তাকে দিল্লির কাশ্মিরী গেট বাসস্ট্যান্ডে ফেলে রেখে অভিযুক্তরা চম্পট দেয়।

ঘটনার পরপরই কিশোরী বাসস্ট্যান্ডের কাছে একটি পুলিশ কিয়স্কে গিয়ে অভিযোগ জানায়। তার তথ্যের ভিত্তিতে তৎক্ষণাৎ তদন্তে নামে দিল্লি পুলিশ। রাতেই তিমারপুর পার্কিং এলাকা থেকে অভিযুক্ত বাসটিকে শনাক্ত করা হয় এবং সেখান থেকেই গ্রেপ্তার করা হয় অভিযুক্ত চালক ও কন্ডাক্টরকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *