কন্যাশ্রীর টাকায় নজর, নাবালিকার বিয়ে চেপে গিয়ে হাজতে বাবা-শ্বাশুড়ি-জামাই!

সরকারি প্রকল্পের ভাতার লোভ সামলাতে না পেরে অবশেষে পুলিশের জালে ধরা পড়লেন এক নাবালিকার বাবা, স্বামী ও শাশুড়ি। হরিদেবপুর থানার পুলিশ রবিবার তাঁদের গ্রেফতার করে।
দক্ষিণ ২৪ পরগনার নোদাখালির বাসিন্দা ওই নাবালিকা দেড় মাস আগে হরিদেবপুরের এক তরুণের সঙ্গে পালিয়ে গিয়ে বিয়ে করে। মেয়ে নাবালিকা জেনেও তাঁকে বরণ করে নেন শাশুড়ি। এদিকে মেয়ে বাড়ি ছাড়ার পর বাবা কোনও পুলিশ ডায়েরি করেননি। কিন্তু সম্প্রতি রাজ্য সরকারের ‘কন্যারত্ন’ প্রকল্পের টাকা নাবালিকার অ্যাকাউন্টে ঢুকতেই গোলমাল বাঁধে। বাবা ফোনে মেয়েকে নির্দেশ দেন, তিনি বাড়ি না ফিরলেও প্রতি মাসে যেন ওই সরকারি টাকা বাপের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।
মেয়ে টাকা দিতে ও বাপের বাড়ি ফিরতে অস্বীকার করায় বাবা একটি এনজিও-র মাধ্যমে হরিদেবপুর থানার পুলিশের দ্বারস্থ হন এবং মেয়ের নাবালিকা বিয়ের কথা জানান। পুলিশ গিয়ে নাবালিকাকে উদ্ধার করে এবং অপহরণ ও পকসো (POCSO) আইনে স্বামী ও শাশুড়িকে গ্রেফতার করে।
তবে তদন্তে নেমে পুলিশ জানতে পারে, বাবা এতদিন মেয়ের বিয়ের খবর গোপন রেখেছিলেন কেবল মাত্র সরকারি প্রকল্পের টাকা আদায়ের উদ্দেশ্যে। ফলে অপরাধে ইন্ধন ও তথ্য গোপনের অভিযোগে পুলিশ ওই নাবালিকার বাবাকেও গ্রেফতার করে। উদ্ধার হওয়া কিশোরীকে সুরক্ষিত স্থানে পাঠানো হয়েছে।