ইউক্রেনে ফের রাশিয়ার ভয়াবহ হামলা: ১ ভারতীয়সহ ১২ জনের মৃত্যু, গুঁড়িয়ে গেল একাধিক শহর

ইউক্রেনে ফের রাশিয়ার ভয়াবহ হামলা: ১ ভারতীয়সহ ১২ জনের মৃত্যু, গুঁড়িয়ে গেল একাধিক শহর

ইউক্রেনজুড়ে ফের নতুন করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে ১ জন ভারতীয় নাগরিকসহ মোট ১২ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কি মঙ্গলবার সকালে এই হামলার কথা নিশ্চিত করে জানান, রাশিয়ার হানায় ইউক্রেনের একাধিক আবাসন ও ঘরবাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে।

সোমবার সন্ধ্যা থেকেই ইউক্রেনের অডেসা শহরকে লক্ষ্য করে একের পর এক রুশ মিসাইল ছোঁড়া শুরু হয়। নিমেষের মধ্যেই ধ্বংসস্তূপে পরিণত হয় বহু বাড়ি ও দোকানপাট। আতঙ্কে মানুষ রাস্তায় নেমে আসেন, এবং গোটা এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে। অডেসা ছাড়াও রাজধানী কিভ, খেরসন, চেরিনিভ ও সামিসহ একাধিক শহরে ব্যাপক হামলা চালায় মস্কো।

সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় প্রেসিডেন্ট জ়েলেনস্কি জানান, এই হামলায় ১ ভারতীয়সহ ১২ জন প্রাণ হারিয়েছেন। তিনি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।

ইউক্রেনীয় প্রশাসন সূত্রের খবর, রাশিয়া এই হামলায় বহু জেট ড্রোন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। কিভের রেলওয়ে ডিপো এলাকায় ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। অন্যদিকে, বরিসপিলে একটি পাঁচতলা আবাসন ভেঙে পড়ে ৪ জন নিহত এবং অন্তত ১৩ জন গুরুতর আহত হয়েছেন। ঘটনার ফলে প্রায় ৫০ জনেরও বেশি মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। বর্তমানে প্রায় ৩৫০ জন উদ্ধারকারী সদস্য পুরো শহরজুড়ে উদ্ধারকাজ চালাচ্ছেন।

উল্লেখযোগ্যভাবে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বর্তমানে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (SCO) সম্মেলনে যোগ দিতে কিরঘিজস্তানে রয়েছেন, আর ঠিক সেই সময়েই ইউক্রেনে এই নতুন হামলা চালানো হলো। জ়েলেনস্কির দাবি, ইউক্রেনে এই ধরনের বর্বর হামলা চালিয়ে রাশিয়া যত বেশি সম্ভব সাধারণ মানুষকে হত্যা করতে চাইছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *