হাতে জীবন্ত বিষাক্ত বিছে, কামড়ালেও নেই ভয়! ভারতের এই মন্দিরে পুজো দেওয়ার অদ্ভুত রীতি

সাধারণত মন্দিরে দেব-দেবীর চরণে ফুল, ফল, মিষ্টি বা দুধ নিবেদন করাই প্রচলিত নিয়ম। কিন্তু ভারতের এক মন্দিরে দেবতাকে তুষ্ট করতে ভক্তরা নিবেদন করেন বিষাক্ত জীবন্ত বিছে! কেবল নিবেদন করাই নয়, মারাত্মক এই প্রাণীকে কোনো ভয় ছাড়াই খালি হাতে, এমনকি মাথায় বা জিভের ওপর তুলে নেন ভক্তরা।
অন্ধ্রপ্রদেশের কুর্নুল জেলার কোডুমুরু পাহাড়ের ওপর অবস্থিত ‘কোন্ডালারায়ুড়ু স্বামী মন্দির’। সেখানে প্রতি বছর শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে আয়োজন করা হয় এই বিশেষ ‘বিছে উৎসব’। এ বছরও ৩১ আগস্ট উদযাপিত হওয়া এই প্রথায় যোগ দিতে রাজ্যের নানা প্রান্ত থেকে বিপুল সংখ্যক মানুষ সেখানে সমবেত হন।
স্থানীয় প্রচলিত বিশ্বাস অনুযায়ী, ওই পাহাড়ের পাথরের নিচে প্রচুর বিছে থাকে। উৎসবের দিন ভক্তরা পাথর সরিয়ে বিছে খুঁজে বের করেন এবং ভয়ডরহীনভাবে তা হাতে তুলে নিয়ে দেবতার চরণে দেন। ভক্তদের দৃঢ় বিশ্বাস— ওই বিশেষ দিনে বিছে কাউকে কামড়ায় না, আর ভুলবশত হুল ফুটিয়ে দিলেও দেবতার কৃপায় ভক্তের কোনো ক্ষতি হয় না।
প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা এই প্রথার পেছনে কাজ করে গভীর ধর্মীয় বিশ্বাস। স্থানীয় অধিবাসীদের মতে, দেবতাকে বিছে নিবেদন করলে মনের ইচ্ছা পূরণ হয় এবং ফসলের ক্ষেত বা বাড়িতে বিছের উপদ্রব থেকে রক্ষা পাওয়া যায়।
তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, ধর্মীয় বিশ্বাস যাই থাক না কেন, বিষাক্ত প্রাণীকে খালি হাতে স্পর্শ করা অত্যন্ত বিপজ্জনক। একদিকে প্রাচীন লোকাচার এবং অন্যদিকে শিহরণ জাগানো এই অদ্ভুত রীতি— দুইয়ের মেলবন্ধনে কোডুমুরুর এই বিছে-পুজো আজও পর্যটক ও সাধারণ মানুষের কৌতূহলের কেন্দ্রবিন্দু।