ভালোবাসার অনন্য দৃষ্টান্ত: পুরোনো স্কুলকে লাখ টাকা দান প্রাক্তন শিক্ষিকার, বাংলা সেরা প্রার্থীরা পাবে স্কলারশিপ

ভালোবাসার অনন্য দৃষ্টান্ত: পুরোনো স্কুলকে লাখ টাকা দান প্রাক্তন শিক্ষিকার, বাংলা সেরা প্রার্থীরা পাবে স্কলারশিপ

কর্মজীবন শেষ হওয়ার বহুকাল পরও প্রিয় স্কুল আর ভালোবাসার পড়ুয়াদের ভুলে যাননি প্রাক্তন শিক্ষিকা কল্যাণী বন্দ্যোপাধ্যায়। আউশগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রতি সেই গভীর টানেই তিনি স্কুলের হাতে তুলে দিলেন নগদ এক লক্ষ টাকার আর্থিক অনুদান। সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এই টাকা ব্যাঙ্কে স্থায়ী আমানত (ফিক্সড ডিপোজিট) হিসেবে জমা রাখা হবে এবং তার লভ্যাংশ থেকে প্রতি বছর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় বাংলায় সর্বোচ্চ নম্বর পাওয়া ছাত্রছাত্রীদের দেওয়া হবে বিশেষ স্কলারশিপ।

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতকোত্তর এবং পরবর্তীতে এলএলবি শেষ করে কলকাতা হাইকোর্টে আইনচর্চা শুরু করেছিলেন কলকাতার বাসিন্দা কল্যাণীদেবী। তবে মন পড়ে থাকত শিক্ষকতার জগতেই। পরিবারের কাউকে না জানিয়ে—কেবল এক বোনের সমর্থনে—১৯৭৮ সালে তিনি সহ-শিক্ষিকা হিসেবে যোগ দেন আউশগ্রাম উচ্চ বিদ্যালয়ে। এরপর ২০০৪ সালে অবসর নেওয়ার আগে পর্যন্ত টানা ২৬ বছর নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে ছাত্রছাত্রীদের গড়ে তোলার কাজ করে গেছেন এই প্রিয় শিক্ষিকা।

বর্তমানে আউশগ্রামের গুসকরা পুরসভার আলুটিয়া গ্রামে অবসর জীবনযাপন করছেন তিনি। সম্প্রতি পুরোনো স্মৃতি ঘেরা সেই স্কুলে গিয়ে প্রধান শিক্ষক তকির মণ্ডলের হাতে অনুদানের চেক তুলে দেন কল্যাণীদেবী। স্কুলের পক্ষ থেকেও তাঁকে উষ্ণ সংবর্ধনা জানানো হয়।

প্রধান শিক্ষক তকির মণ্ডল এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “দিদির এই মহান পদক্ষেপ পড়ুয়াদের পড়াশোনায় আরও উৎসাহিত করবে। তাঁর ইচ্ছা অনুসারেই প্রতি বছর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে বাংলায় সর্বোচ্চ অঙ্ক প্রাপ্তদের এই স্কলারশিপ দেওয়া হবে।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *