পাক প্রধানমন্ত্রীর সামনেই কড়া মোদী: ‘সন্ত্রাসের বিরুদ্ধে দ্বিচারিতা চলবে না, ধ্বংস করতে হবে মূল বাস্তুতন্ত্র’

পাক প্রধানমন্ত্রীর সামনেই কড়া মোদী: ‘সন্ত্রাসের বিরুদ্ধে দ্বিচারিতা চলবে না, ধ্বংস করতে হবে মূল বাস্তুতন্ত্র’

বিশকেক: সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (SCO) ২৬তম শীর্ষ সম্মেলনে সন্ত্রাসবাদ ও যুদ্ধ নিয়ে কড়া অবস্থান বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিরঘিজ়স্তানের রাজধানী বিশকেকে অনুষ্ঠিত এই বৈঠকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ় শরিফের উপস্থিতিতেই মোদী স্পষ্ট জানান, সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে কোনও ধরনের দ্বিচারিতা বরদাস্ত করা হবে না।

সরাসরি পাকিস্তানের নাম না করলেও, যে দেশগুলি সন্ত্রাসবাদকে রাষ্ট্রীয় নীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করে, তাদের বিরুদ্ধে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, “সন্ত্রাসবাদের কোনো কৌশলগত গুরুত্ব থাকতে পারে না। একে মূল থেকে উপড়ে ফেলতে হলে এর অর্থায়ন, জঙ্গি নিয়োগ, মৌলবাদী প্রচার এবং নিরাপদ আশ্রয়প্রদানের মতো গোটা বাস্তুতন্ত্রকেই ধ্বংস করতে হবে।”

সন্ত্রাসের পাশাপাশি বিশ্বের সাম্প্রতিক সংঘাত ও যুদ্ধ পরিস্থিতি নিয়েও ভারতের অবস্থান স্পষ্ট করেন মোদী। তিনি স্পষ্ট জানান, যুদ্ধের মাধ্যমে স্থায়ী সমাধান আসাম্ভব। পশ্চিম এশিয়ার সঙ্কটের উদাহরণ টেনে মোদী বলেন, বর্তমান বিশ্বের সংঘাত কেবল এক অঞ্চলে সীমাবদ্ধ থাকে না—এর ফলে জ্বালানি নিরাপত্তা, সামুদ্রিক বাণিজ্য এবং সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হয়, যার সবচেয়ে বড় শিকার হয় ‘গ্লোবাল সাউথ’-এর দেশগুলি। তাই সমস্ত সংঘাতের সমাধান একমাত্র আলোচনা ও কূটনীতির পথেই সম্ভব।

এ ছাড়া, মাদক পাচারকে আঞ্চলিক নিরাপত্তা ও তরুণ প্রজন্মের জন্য চরম হুমকি হিসেবে বর্ণনা করেন প্রধানমন্ত্রী। আফগানিস্তানের শান্তি ও স্থিতিশীলতাকে সমগ্র ইউরেশিয়ার সুরক্ষার মূল চাবিকাঠি বলে অভিহিত করে তিনি জানান, আফগান জনগণের মানবিক সহায়তায় ভারত প্রতিশ্রুতিবদ্ধ।

সুরক্ষার পাশাপাশি আঞ্চলিক বাণিজ্য ও ভৌগোলিক যোগাযোগের ওপরও জোর দেন মোদী। তিনি স্পষ্ট করেন, নতুন বাণিজ্যিক ও যোগাযোগ প্রকল্প গড়ার ক্ষেত্রে প্রতিটি দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতাকে সম্মান জানানো জরুরি। এক কথায়, সন্ত্রাস দমন, কূটনৈতিক সমাধান এবং সুদৃঢ় অর্থনৈতিক সহযোগিতা—এই তিন স্তম্ভকেই SCO মঞ্চে ভারতের মূল এজেন্ডা হিসেবে তুলে ধরলেন নরেন্দ্র মোদী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *