মা ভেন্টিলেশনে, ৫০ দিন পর অবশেষে জামিন পেলেন বারুইপুরের সিপিএম নেতা!

বারুইপুরের অশান্তির ঘটনায় উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে গত ১২ জুলাই গ্রেফতার হওয়া সিপিএম নেতা লাহেক আলি অবশেষে কলকাতা হাইকোর্ট থেকে অন্তর্বর্তী জামিন পেয়েছেন। বুধবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষ আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত তাঁর এই জামিন মঞ্জুর করেন। দীর্ঘ ৫০ দিন জেলবন্দি থাকার পর তাঁর আইনজীবীরা আদালতের কাছে জানান যে, ধৃত নেতার মা গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভেন্টিলেশন সাপোর্টে চিকিৎসাধীন রয়েছেন। পারিবারিক এই সংকটজনক পরিস্থিতির কথা বিবেচনা করে আদালত তাঁর অন্তর্বর্তী জামিন মঞ্জুর করে।
তবে জামিন মিললেও হাইকোর্টের পক্ষ থেকে লাহেক আলির জন্য বেশ কিছু কড়া শর্ত আরোপ করা হয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী, অন্তর্বর্তী জামিনে থাকাকালীন তিনি নির্দিষ্ট এলাকার বাইরে যেতে পারবেন না এবং তদন্তের স্বার্থে বারুইপুর থানা ডাকলে তাঁকে হাজিরা দিতে হবে। উল্লেখ্য, বারুইপুরে এক নাবালিকাকে নির্যাতন ও খুনের ঘটনার পর ছড়িয়ে পড়া উত্তেজনার জেরে গণপিটুনির ঘটনায় উস্কানি দেওয়ার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। এই জামিনের খবর সামনে আসার পর সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া জানিয়েছেন।