আমেরিকার বিরুদ্ধে ‘ছায়াযুদ্ধ’ পুতিনের! ইরানকে গোপনে কীভাবে সাহায্য রাশিয়ার?

সরাসরি সংঘাত না জড়িয়ে মধ্যপ্রাচ্যে আমেরিকার বিরুদ্ধে কৌশলগত প্রভাব বাড়াচ্ছে মস্কো। একটি চাঞ্চল্যকর প্রতিবেদনে দাবি করা হয়েছে, ২০২৩ সাল থেকে রাশিয়া গোপনে ইরানকে উন্নত ‘সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র’ তৈরিতে সহায়তা করে আসছে। ‘সি৪৩০এল’ সংকেত নামের এই গোপন কর্মসূচির সঙ্গে যুক্ত ছিলেন রাশিয়ার অত্যন্ত অভিজ্ঞ বেশ কয়েকজন ক্ষেপণাস্ত্র বিশেষজ্ঞ। তাদের মূল লক্ষ্য ছিল ইরানকে এমন একটি ‘র্যামজেট প্রপালশন সিস্টেম’ তৈরিতে সাহায্য করা, যা ক্রুজ ক্ষেপণাস্ত্রকে শব্দের গতির চেয়েও কয়েক গুণ বেশি গতিতে চালিত করতে সক্ষম। এই ক্ষেপণাস্ত্রগুলি অত্যন্ত দ্রুতগতিতে ও কম উচ্চতায় উড়তে পারায় প্রচলিত আকাশ-প্রতিরক্ষা ব্যবস্থার পক্ষে সেগুলিকে শনাক্ত করা অত্যন্ত কঠিন।
সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এই সামরিক সহযোগিতার ফলে দুই দেশের সম্পর্ক কেবল প্রচলিত অস্ত্র কেনাবেচার মধ্যে সীমাবদ্ধ থাকেনি, বরং প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে তেহরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারকে আরও শক্তিশালী করে তুলেছে। মধ্যপ্রাচ্যে মার্কিন নৌবাহিনীকে চাপে রাখতেই মস্কো এই পদক্ষেপ করেছে বলে বিশেষজ্ঞদের ধারণা। তবে এই অত্যাধুনিক অস্ত্রগুলি তেহরান বাস্তবে ব্যবহার করেছে কি না, সে বিষয়ে এখনও নিশ্চিত কোনো তথ্য মেলেনি। এই গোপন মৈত্রী আন্তর্জাতিক রাজনীতিতে নতুন উত্তেজনার সৃষ্টি করেছে।