উত্তম কুমারের শতবর্ষে শুটিং স্পটের দাবিতে সরব জিয়াগঞ্জ!

বাঙালির চিরন্তন ম্যাটিনি আইডল মহানায়ক উত্তম কুমারের জন্ম শতবর্ষে নস্টালজিয়ায় ভাসছে মুর্শিদাবাদের জিয়াগঞ্জ। ১৯৬৩ সালে ‘নিশীথে’ ছবির শুটিংয়ের জন্য ভাগীরথী নদীর তীরে এসেছিলেন তিনি। স্থানীয় মাঝি হারান মণ্ডলের নৌকা চড়ে শুটিং করা থেকে শুরু করে স্টেশনের টিকিট ঘরের দেওয়ালে হ্যাজাক লাইট উলটে যাওয়ার কালো দাগ—সবকিছুই আজও জিয়াগঞ্জবাসীর স্মৃতিতে উজ্জ্বল। শুটিংয়ের ফাঁকে স্থানীয় সিল্ক ব্যবসায়ীর গদিতে বসা, মাটির ভাঁড়ে চা খাওয়া কিংবা ছানাবড়া প্রীতির টুকরো স্মৃতি আজও এখানকার মানুষের মুখে মুখে ফেরে। পরবর্তীতে কাঠগোলা বাগানে ‘সূর্যতপা’ ছবির শুটিংয়ের সুবাদে জিয়াগঞ্জের সঙ্গে তাঁর যোগ আরও গভীর হয়েছিল।
মহানায়কের সেই স্মৃতিকে অমলিন রাখতে এবং পর্যটনের মানচিত্রে জায়গা করে নিতে উদ্যোগী হয়েছে প্রশাসন। মুর্শিদাবাদ জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর ভাগীরথীর সেই ঘাটকে ‘উত্তমকুমার শুটিং স্পট’ হিসেবে চিহ্নিত করার পরিকল্পনা করেছে। একই সঙ্গে জিয়াগঞ্জবাসীর জোরালো দাবি, স্টেশনে একটি বিশেষ ফলক বসানো হোক যা স্মরণ করাবে যে এই মাটিতে পা রেখেছিলেন মহানায়ক। মহানায়কের শতবর্ষে এই উদ্যোগ বাস্তবায়িত হলে জিয়াগঞ্জের সাংস্কৃতিক ইতিহাস নতুন মাত্রা পাবে বলে মনে করছেন স্থানীয়রা।