ইনস্টাগ্রামে মন দেওয়া-নেওয়া, দু’বছর পরই মর্মান্তিক পরিণতি! উত্তরপ্রদেশে ভাড়া বাড়ি থেকে উদ্ধার নববধূর মৃতদেহ

উত্তরপ্রদেশের ঝাঁসিতে একটি ভাড়া বাড়ি থেকে শিবানী ওরফে সুধা (২৭) নামের মধ্যপ্রদেশের এক তরুণীর রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোশ্যাল মিডিয়ায় পরিচয় ও প্রেমের সম্পর্কের জেরে বছর দুয়েক আগে যশের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন শিবানী। কর্মসূত্রে উত্তরপ্রদেশে বসবাস করলেও বিয়ের পর থেকেই দম্পতির মধ্যে প্রায়ই অশান্তি ও মারধরের ঘটনা ঘটত বলে অভিযোগ। গত ৩১ আগস্ট তুমুল বচসার পর স্বামী যশ তাঁকে মারধর করে ঘরের দরজা বাইরে থেকে আটকে পালিয়ে যায় বলে অভিযোগ ওঠে।
পরিবারের পক্ষ থেকে যোগাযোগ করতে না পেরে এবং ফোন বন্ধ থাকায় সন্দেহ হওয়ায় তারা পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে তরুণীর নিথর দেহ উদ্ধার করে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, শিবানীকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে এবং ঘটনার পর থেকেই পলাতক রয়েছে তাঁর স্বামী যশ। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ।