তারাপীঠে বড় উদ্যোগ: এ বার থেকে অনলাইনে মিলবে মা তারা দর্শনের টিকিট!

তারাপীঠ মন্দিরে পুণ্যার্থীদের ভিড় সামলাতে এবং ভোগান্তি কমাতে বড় পদক্ষেপ নিল জেলা প্রশাসন। এ বার থেকে বিশেষ লাইনে মা তারা দর্শনের কুপন বা টিকিট মিলবে অনলাইনেই।
স্মার্টফোনের মাধ্যমেই ঘরে বসে কেটে নেওয়া যাবে এই বিশেষ টিকিট। মন্দিরের বিশেষ লাইনের কাউন্টারে মোবাইলে সেই ডিজিটাল টিকিট বা কুপন দেখালেই কম সময়ে দেবীকে দর্শন করতে পারবেন ভক্তরা। রামপুরহাটের মহকুমা শাসক রাঠোর অশ্বিন বাবু সিং জানিয়েছেন, মোবাইল অ্যাপ তৈরির কাজ প্রায় শেষের পথে। আগামী ৬ তারিখে একটি পাইলট প্রজেক্ট হিসেবে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে, যার ফলে পুণ্যার্থীরা ভীষণভাবে উপকৃত হবেন।
উল্লেখ্য, অতীতে বিশেষ লাইন দিয়ে দর্শনের ক্ষেত্রে অতিরিক্ত টাকা নেওয়ার নানা অভিযোগ উঠেছিল। পরবর্তীতে নতুন মন্দির কমিটি দায়িত্ব নেওয়ার পর কুপনের দাম নির্দিষ্ট করে ৫০০ টাকা করা হয়। এ বার সেই ৫০০ টাকার বিশেষ কুপনটিকে সম্পূর্ণ ডিজিটালাইজড করা হলো। মন্দির কমিটির ধারণা, এই অনলাইন ব্যবস্থার ফলে আর্থিক অনিয়ম ও দুর্নীতি সহজেই রোধ করা সম্ভব হবে।