এসএসকেএম-এ ‘কর্মী’ সেজে প্রতারণার ফাঁদ! পুলিশের অভিযানে জালে মহিলা দালাল, তোলপাড় হাসপাতাল

কলকাতার এসএসকেএম হাসপাতালে চিকিৎসা করাতে এসে প্রতারণার শিকার হচ্ছেন রোগীর স্বজনরা। সম্প্রতি হাসপাতালের কর্মী পরিচয় দিয়ে সাহায্য করার নামে প্রতারণার অভিযোগে সালমা বিবি (৪০) নামের এক মহিলাকে গ্রেপ্তার করেছে পুলিশ। দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটের বাসিন্দা এই মহিলা নিজেকে স্বাস্থ্যকর্মী দাবি করে হাসপাতালের বিভিন্ন বিভাগ ও আউটডোরে অবাধে যাতায়াত করতেন। বুধবার দুপুরে আউটপোস্টের টহলদারি পুলিশ তাঁকে সন্দেহভাজন হিসেবে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে।
তদন্তকারীদের দাবি, ধৃতের হোয়াটসঅ্যাপ চ্যাট খতিয়ে দেখতেই এক বড়সড় দালালচক্রের সঙ্গে যোগাযোগের স্পষ্ট প্রমাণ মেলে। রোগীর স্বজনদের বিভিন্ন পরিষেবা পাইয়ে দেওয়ার নাম করে টাকা হাতানো হতো এবং ইতিমধ্যেই একটি অ্যাকাউন্টে ২ হাজার টাকা লেনদেনের তথ্য মিলেছে। প্রতারণা ও অপরাধমূলক ষড়যন্ত্রের ধারায় অভিযুক্তের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। রাজ্যজুড়ে হাসপাতাল থেকে দালালচক্র নির্মূলের অভিযানের অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে এবং চক্রের বাকি সদস্যদের ধরতে জোর তল্লাশি চলছে।