১২৫ বছরের রেকর্ড চুরমার! শ্রাবণ-ভাদ্রে নজিরবিহীন খরা ও তীব্র গরমে কাঁপল দেশ

১২৫ বছরের রেকর্ড চুরমার! শ্রাবণ-ভাদ্রে নজিরবিহীন খরা ও তীব্র গরমে কাঁপল দেশ

সরকারিভাবে আবহাওয়া সংক্রান্ত নথি সংরক্ষণের ১২৫ বছরের ইতিহাসে ২০২৬ সালের অগস্ট চরম উষ্ণতম মাসের নজির গড়েছে। আবহাওয়া দফতরের (IMD) হিসাব অনুযায়ী, সদ্য সমাপ্ত অগস্টে দেশজুড়ে গড় তাপমাত্রা ছিল ২৮.০১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ০.৬৭ ডিগ্রি সেলসিয়াস বেশি। একই সাথে সোয়া এক শতাব্দীর মধ্যে রাতের গড় তাপমাত্রাও ছিল সর্বোচ্চ। দুর্বল মৌসুমি বায়ু এবং শক্তিশালী ‘এল নিনো’র প্রভাবেই এই বৈরী পরিস্থিতির সৃষ্টি। অগস্টে দেশে বৃষ্টির ঘাটতি ছিল ১৬.৩ শতাংশ এবং দেশের ৪৭ শতাংশের বেশি জেলায় চরম খরা দেখা গেছে। জুলাইয়ে স্বাভাবিক বৃষ্টি হলেও অগস্টের বিশাল ঘাটতিতে বর্ষা মরশুমের সামগ্রিক ঘাটতি বেড়ে দাঁড়াল ১৪ শতাংশে। পাঞ্জাব, উত্তরপ্রদেশ, রাজস্থানসহ দক্ষিণ ও উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে তীব্র খরা পরিস্থিতি দেখা দিলেও বঙ্গোপসাগরের টানা ২৬ দিনের সক্রিয় নিম্নচাপের দরুন ওডিশা ও দক্ষিণবঙ্গে মুষলধারে বৃষ্টি হয়েছে।

আবহাওয়া দফতরের ডিরেক্টর জেনারেল মৃত্যুঞ্জয় মহাপাত্র জানান, প্রশান্ত মহাসাগরে এল নিনো সক্রিয় হওয়ায় সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা বৃদ্ধি পায়, যা ভারতীয় ভূখণ্ডে বায়ুচাপ বাড়িয়ে স্বাভাবিক বৃষ্টিপাত ব্যাহত করেছে। হিমালয়ের পশ্চিমি ঝঞ্ঝা কেবল পাহাড়ি অঞ্চলেই সীমাবদ্ধ থাকায় উত্তর ভারতের সমতল শুকানোই থেকে যায়। মৌসম ভবন সতর্ক করে জানিয়েছে, আসন্ন সেপ্টেম্বরেও দেশের বহু অংশে বর্ষার বৃষ্টি স্বাভাবিকের চেয়ে কম থাকতে পারে। তবে উত্তর-পশ্চিম, উত্তর-পূর্ব, পূর্ব, পূর্ব-মধ্য ও দক্ষিণ-পূর্ব ভারতের কিছু নির্দিষ্ট পকেটে কিছুটা বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতের যে পূর্বাভাসই থাকুক না কেন, চলতি মাসেও দেশের সিংহভাগ এলাকায় দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশ খানিকটা উঁচুতে থাকবে বলেই আশঙ্কাপ্রকাশ করেছেন আবহাওয়াবিদরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *