ভারতে নথি জাল করে ভুয়ো সিম জোগান! বনগাঁয় পুলিশের জালে এজেন্ট, চাঞ্চল্যকর স্ক্যামে কাঁপছে দেশ

ভারতে নথি জাল করে ভুয়ো সিম জোগান! বনগাঁয় পুলিশের জালে এজেন্ট, চাঞ্চল্যকর স্ক্যামে কাঁপছে দেশ

সীমান্ত পেরিয়ে এদেশের মোবাইল সিম চলে যাচ্ছে আন্তর্জাতিক অপরাধী ও সন্দেহভাজন জঙ্গিদের হাতে। এই মারাত্মক চক্রের পর্দাফাঁস করে উত্তর ২৪ পরগনার বনগাঁ থেকে মজনু মণ্ডল ওরফে সুজন নামে এক সিম বিক্রেতাকে গ্রেপ্তার করল বনগাঁ সাইবার ক্রাইম থানার পুলিশ। বাগদার বেয়াড়া এলাকার বাসিন্দা এই ধৃত এজেন্ট সাধারণ মানুষের অজান্তে বা ভুল বুঝিয়ে তাঁদের নথি ব্যবহার করে ভুয়া সিম অ্যাক্টিভেট করত। অভিযান চালিয়ে পুলিশ ২৫টি সক্রিয় ও নিষ্ক্রিয় সিম কার্ড, দুটি মোবাইল ফোন, আঙুলের ছাপ দেওয়ার বায়োমেট্রিক মেশিন এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করেছে। ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টাল (এনসিআরপি)-এর অভিযোগ পর্যালোচনা করতে গিয়েই পুলিশ এই ভয়াবহ জালিয়াতির সূত্র খুঁজে পায়।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, ধৃত মজনু পরিকল্পিতভাবে অবৈধ উপায়ে সিম ইস্যু করে দেশের বিভিন্ন প্রান্তে চলা সাইবার প্রতারণাচক্রের হাতে তুলে দিত। কেবল আর্থিক জালিয়াতিই নয়, সীমান্ত টপকে বাংলাদেশ ও পাকিস্তানের মতো দেশে এসব সিম জঙ্গি কার্যকলাপের কাজে পৌঁছচ্ছিল কি না, তা-ও গুরুত্ব সহকারে খতিয়ে দেখছেন তদন্তকারীরা। বেঙ্গল এসটিএফ সীমান্ত এলাকায় নজরদারি আরও জোরদার করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই চক্রে মজনু ছাড়াও আরও চারজন জড়িত রয়েছে। বর্তমানে পলাতক সেই চার সহযোগীর খোঁজে জোর তল্লাশি চালাচ্ছে বনগাঁ সাইবার ক্রাইম থানার বিশেষ তদন্তকারী দল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *