সীমান্তে চিন-পাক চালে কড়া নজর! গভীর রাতে মহাকাশে ভারতের ‘নতুন চোখ’ EOS-05 স্থাপন ইসরোর

শুক্রবার ভোররাত ২টো ৫৫ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধবন মহাকাশ কেন্দ্র থেকে সফলতা নিশ্চিত করে আকাশে পাড়ি দিল ভারতের GSLV-F17। এটি ছিল GSLV-এর ১৯তম উড়ান। ৫১.৭ মিটার উঁচু এবং ৪২০.৫ টন ওজনের এই রকেটের মাধ্যমে প্রায় ২,৩৬৭ কিলোগ্রাম ওজনের অত্যাধুনিক আর্থ অবজারভেশন স্যাটেলাইট EOS-05-কে নির্দিষ্ট সাব-জিওসিঙ্ক্রোনাস ট্রান্সফার অরবিটে সফলভাবে স্থাপন করা হয়েছে।
প্রায় ৩৬ হাজার কিলোমিটার উচ্চতায় অবস্থিত জিওসিঙ্ক্রোনাস কক্ষপথ থেকে উপগ্রহটি একই বিস্তীর্ণ অঞ্চল দীর্ঘ সময় ধরে পর্যবেক্ষণ করতে সক্ষম। দৃশ্যমান আলো, ইনফ্রারেড, মাল্টিস্পেকট্রাল ও হাইপারস্পেকট্রাল ব্যান্ডে উচ্চমানের তথ্য এবং ছবি সরবরাহ করবে এই ‘নতুন চোখ’। ফলে চিন ও পাকিস্তান সীমান্তে সড়ক নির্মাণ বা পরিকাঠামোগত পরিবর্তনের ওপর সার্বক্ষণিক নজরদারির পাশাপাশি আবহাওয়া, কৃষি এবং দুর্যোগ মোকাবিলায় ভারত অত্যন্ত সুনির্দিষ্ট কৌশলগত সুবিধা লাভ করবে।