প্লাস্টিকে ঢাকা কম্পিউটার, ছাদ চুয়ে জল: চুঁচুড়ার সরকারি দপ্তরে চরম দুর্ভোগ

প্লাস্টিকে ঢাকা কম্পিউটার, ছাদ চুয়ে জল: চুঁচুড়ার সরকারি দপ্তরে চরম দুর্ভোগ

বর্ষার মরশুম শুরু হতেই চরম বেহাল দশায় চুঁচুড়ার সরকারি অফিস। বৃষ্টি বাড়লেই মেঝেজুড়ে জমে থাকছে জল, আর ফাটা ছাদ চুয়ে টপ টপ করে জল গড়িয়ে পড়ছে ঘরে। গুরুত্বপূর্ণ ফাইল, জরুরি নথিপত্র আর কম্পিউটার ভিজতে থাকা থেকে বাঁচাতে ঢেকে রাখতে হচ্ছে প্লাস্টিকে। চুঁচুড়া বড়বাজার এলাকার শ্রম ও কর্মসংস্থান দপ্তরের যুগ্ম অধিকর্তার অফিসে দীর্ঘদিন ধরেই চলছে এই করুণ চিত্র।

একটি ভাড়া বাড়ির নিচতলায় বছরের পর বছর ধরে পরিচালিত হচ্ছে এই সরকারি দপ্তরটি। চলতি বছরের মার্চ মাস থেকে ইন্দ্রাণী সেনগুপ্ত এই দপ্তরের দায়িত্ব সামলাচ্ছেন; পাশাপাশি তাঁকে আরামবাগের অফিসও দেখতে হয়। অফিসের এই দুরবস্থার কথা জানিয়ে তিনি ইতিমধ্যেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং বাড়ির মালকিনকে চিঠি দিয়েছেন। তবে চিঠি চালাচালি হলেও কাজের কাজ কিছুই হয়নি।

বাড়ির মালকিন সোনালি পাল জানান, দোতলার ছাদটি অবতল বা চাটুর মতো হয়ে থাকায় জল জমে তা নিচে চুইয়ে পড়ছে। তবে তিনি খুব দ্রুত ছাদ সারিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন। তিনি আরও জানান, এই বাড়িতে থাকা অন্য সব অফিস উঠে গেলেও এখনও ঝুঁকি নিয়েই চলছে এই সরকারি দপ্তরটি।

এদিকে জীর্ণ ও স্যাঁতস্যাঁতে দেওয়াল দেখিয়ে যেকোনো মুহূর্তে বড়সড় দুর্ঘটনার আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। এলাকার বিজেপি নেতা সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় অবিলম্বে সংশ্লিষ্ট দপ্তরকে এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *