‘মমতা কেন ছাড় পাবেন?’: আরজি কর ইস্যুতে সোচ্চার অগ্নিমিত্রা, জনতার দরবারে তীব্র বিক্ষোভ

আসানসোল: আরজি কর হাসপাতালে চিকিৎসককে খুন ও ধর্ষণের ঘটনায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্রুত গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি তুললেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। শুক্রবার আসানসোলের কোর্ট রোড এলাকায় একটি দুর্গাপুজোর খুঁটিপুজোয় অংশ নিয়ে তিনি এই দাবি করেন। তবে একই দিনে নিজের বিধানসভা এলাকা—আসানসোল পুরসভার ৭৫ নম্বর ওয়ার্ডের আট নম্বর বস্তিতে আয়োজিত ‘জনতার দরবার’ কর্মসূচিতে সাধারণ মহিলাদের তীব্র ক্ষোভের মুখে পড়তে হয় তাঁকে।
উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর আদালতে মামলার অন্যতম অভিযুক্ত সোমনাথ দে-কে পুলিশ হাজির করার পর সেই প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে মন্ত্রী প্রশ্ন তোলেন, “নির্মল ঘোষ বা সোমনাথ দে-র মতো ব্যক্তিরা যদি গ্রেপ্তার হতে পারেন, তবে পুরো ঘটনার নেপথ্যে থাকা মমতা বন্দ্যোপাধ্যায় কেন ছাড় পাবেন?” তাঁর অভিযোগ, ঘটনার রাতে ভিন জায়গায় ময়নাতদন্ত করা কিংবা অপরাধস্থল সঠিকভাবে সংরক্ষণের কোনো নির্দেশ প্রাক্তন মুখ্যমন্ত্রী দেননি। পুরো মামলাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল বলেই তাঁর অবিলম্বে গ্রেপ্তার হওয়া উচিত বলে মনে করেন মন্ত্রী।
অন্যদিকে, ‘জনতার দরবার’ কর্মসূচিতে অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার অভিযোগে সরব হন এলাকার বহু মহিলা। মন্ত্রী অগ্নিমিত্রা পালের সঙ্গে সরাসরি দেখা করতে না পেরে জোৎস্না বাউড়ি, মনীষা দেবী ও কাকলি দে-র মতো বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করেন। তাঁদের অভিযোগ, নির্বাচনের আগে সরকারি সুযোগ-সুবিধার আশ্বাস দেওয়া হলেও বর্তমানে তাঁরা তা থেকে বঞ্চিত হচ্ছেন।
একপর্যায়ে ঘরের বাইরে হট্টগোল বৃদ্ধি পেলে মন্ত্রী নিজেই লাউডস্পিকার হাতে বেরিয়ে আসেন এবং উপস্থিত মহিলাদের অতিরিক্ত কথা না বলার নির্দেশ দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। পরে স্থানীয় এক বিজেপি নেতার কাছে বাসিন্দাদের ফোন নম্বর জমা দেওয়ার নির্দেশ দিয়ে দ্রুত বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন তিনি।