দুর্গাপুরে নারকীয় হত্যাকাণ্ড: বিশেষভাবে সক্ষম যুবককে এলোপাথাড়ি কোপ, ধৃত ১

দুর্গাপুর: শনিবার ভোররাতে দুর্গাপুরের কোকওভেন থানা এলাকার রাতুড়িয়ায় এক বিশেষভাবে সক্ষম যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের ঘটনা ঘটল। মৃত যুবকের নাম শেখ আশরাফ (৩৫)। মর্মান্তিক এই ঘটনাকে কেন্দ্র করে সমগ্র রাতুড়িয়া এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, হোসেন নামে এক ব্যক্তির সঙ্গে শেখ আশরাফের বচসা হয়েছিল। অভিযোগ, সেই বিবাদের জের ধরেই শনিবার ভোরে আশরাফের ওপর আচমকা ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় হোসেন। এলোপাথাড়ি কোপের আঘাতে গুরুতর জখম হয়ে আশরাফ রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন। তাঁর আর্তচিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসেন এবং দ্রুত পুলিশে খবর দেন।
কোকওভেন থানার পুলিশ এসে আশরাফকে উদ্ধার করে দুর্গাপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃতের পরিবারের দাবি, আশরাফ অত্যন্ত শান্ত স্বভাবের মানুষ ছিলেন এবং কারও সঙ্গে তাঁর শত্রুতা ছিল না। অন্যদিকে অভিযুক্ত হোসেন প্রায়ই এলাকার লোকজনের সঙ্গে দুর্ব্যবহার করতেন বলে অভিযোগ।
ঘটনার তদন্তে নেমে কোকওভেন থানার পুলিশ ইতিমধ্যেই একজনকে আটক করেছে। পুলিশ সূত্রে খবর, হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো অস্ত্রটিও উদ্ধার করা হয়েছে। পুরনো শত্রুতার জেরে এই খুন, নাকি এর নেপথ্যে অন্য কোনো কারণ রয়েছে, তা খতিয়ে দেখার পাশাপাশি এই ঘটনায় আর কেউ জড়িত আছে কি না—তা তদন্ত করে দেখছে পুলিশ।