জল-যন্ত্রণা থেকে তুমুল রণক্ষেত্র: বামনগাছিতে বিক্ষোভ হটাতে গিয়ে সংঘর্ষ, পুলিশের সামনেই তুলকালাম!

জল-যন্ত্রণা থেকে তুমুল রণক্ষেত্র: বামনগাছিতে বিক্ষোভ হটাতে গিয়ে সংঘর্ষ, পুলিশের সামনেই তুলকালাম!

টানা বৃষ্টিতে হাঁটু জলে ভাসছে হাওড়ার বামনগাছির বেনারস রোড ও সংলগ্ন মহীনাথ পাড়া এলাকা। নিকাশি ব্যবস্থার চরম বেহাল দশায় দিনের পর দিন জল না নামায় ক্ষোভ জমছিল সাধারণ মানুষের মনে। প্রশাসনের এই উদাসীনতার প্রতিবাদে রবিবার বেনারস রোড অবরোধ করে বিক্ষোভে নামেন ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা।

কিন্তু সেই সাধারণ প্রতিবাদ মুহূর্তেই রূপ নেয় রণক্ষেত্রে। স্থানীয়দের অভিযোগ, বিক্ষোভ চলাকালীন নিজেদের ‘বিজেপি কর্মী’ পরিচয় দিয়ে কয়েকজন এসে জোর করে পথ অবরোধ তোলার চেষ্টা করেন। প্রতিবাদকারীদের ওপর জোর খাটানো শুরু হতেই দুই পক্ষের মধ্যে তীব্র বাকবিতণ্ডা ও ধস্তাধস্তি বেঁধে যায়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। তবে আশ্চর্যের বিষয়, পুলিশের উপস্থিতিতেই তাঁদের সামনেই চলতে থাকে মারামারি। বেশ কিছুক্ষণের চেষ্টায় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে ‘দাদাগিরি’র অভিযোগ তুলেছেন স্থানীয়রা। অন্যদিকে, বিজেপির পাল্টা দাবি— বিক্ষোভের নামে রাজনীতি করছিল শাসকদল তৃণমূলের লোকজনেরাই। রাজনৈতিক দাদাগিরি আর অভিযোগ-পাল্টা অভিযোগে দিনভর এলাকা উত্তপ্ত থাকলেও, বামনগাছির জমা জল কিন্তু নামেনি এক ইঞ্চিও।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *