নকভি-আতঙ্কে দেশে ফিরতে ভয়! পিসিবির বিরুদ্ধে বিস্ফোরক পাক কিংবদন্তি মুস্তাক

পাকিস্তান ক্রিকেটের বর্তমান সংকটকালে নিজের অভিজ্ঞতা দিয়ে দেশের সেবা করতে চান প্রাক্তন তারকা স্পিনার মুস্তাক আহমেদ। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নকভির কারণে নিজের দেশে কাজ করতেই আতঙ্কবোধ করছেন তিনি। মূলত বোর্ডে পর্যাপ্ত সম্মান না থাকা এবং হুটহাট ছাঁটাইয়ের ভয়ই তাঁর প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে।
বর্তমানে বাংলাদেশ ক্রিকেট দলের স্পিন বোলিং কোচ হিসেবে দায়িত্বে থাকা মুস্তাক ‘বিবিসি’-র একটি পডকাস্টে নিজের এই উদ্বেগের কথা জানান। সম্প্রতি ইংল্যান্ডের বিরুদ্ধে পরপর দুই টেস্টে হারের পর সিরিজের মাঝপথেই প্রধান কোচ সরফরাজ আহমেদ ও বোলিং কোচ উমর গুলকে বরখাস্ত করেন পিসিবি চেয়ারম্যান নকভি। এই সিদ্ধান্ত এবং হুট করে মাইক হেসনকে সাদা বলের দায়িত্ব দেওয়ার উদাহরণ টেনে মুস্তাক জানান, অকারণে সম্মানহানি ও চাকরি হারানোর এমন পরিবেশ কোচদের জন্য অত্যন্ত ভীতিকর।
এর আগে ২০১৪ থেকে ২০১৬ এবং ২০২০ থেকে ২০২২ সাল পর্যন্ত পিসিবির বিভিন্ন মেয়াদে বোলিং পরামর্শদাতা ও কোচের দায়িত্ব সফলভাবে সামলেছেন মুস্তাক। তাঁর মতে, কোনো কোচকে সরানোর আগে তাঁদের সঙ্গে সম্মানজনক আলোচনা করা উচিত ছিল। বোর্ডের এই খামখেয়ালি মনোভাব ও সাবেক তারকাদের আসাম্মান করার নীতি না বদলালে অভিজ্ঞতা থাকা সত্ত্বেও কেউ পাকিস্তান দলের দায়িত্ব নিতে সাহস পাবেন না।