টার্গেট প্রধানমন্ত্রী? ভিভিপি জোনে ভুয়ো পরিচয়পত্র ও আগ্নেয়াস্ত্রসহ ধরা পড়ল সন্দেহভাজনরা

টার্গেট প্রধানমন্ত্রী? ভিভিপি জোনে ভুয়ো পরিচয়পত্র ও আগ্নেয়াস্ত্রসহ ধরা পড়ল সন্দেহভাজনরা

মুম্বইয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুষ্ঠান শুরুর ঠিক আগে সভাস্থল থেকে আগ্নেয়াস্ত্রসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বান্দ্রে কুর্লায় আয়োজিত ‘গ্লোবাল ফিনটেক ফেস্ট’-এ প্রধানমন্ত্রীর যোগ দেওয়ার কথা ছিল। তিনি পৌঁছনোর আগেই সন্দেহভাজন এই দুই যুবক VVIP জোন দিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করেন।

নিরাপত্তারক্ষীদের সন্দেহ হলে তাঁদের পাকড়াও করে তল্লাশি চালানো হয়। ধৃতদের মধ্যে রোহন পারেখ নামে এক যুবক নিজেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের (PMO) আধিকারিক পরিচয় দিয়ে একটি ভুয়ো আইডেন্টিটি কার্ড দেখান। তাঁর সঙ্গে থাকা অন্য যুবকটি নিজেকে বডিগার্ড দাবি করলেও কোনো বৈধ পরিচয়পত্র দেখাতে পারেননি। পরে তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। ঘটনাটির গুরুত্ব বিবেচনা করে দু’জনকেই গ্রেপ্তার করা হয়েছে।

প্রধানমন্ত্রীর মতো হাই-প্রোফাইল নেতার কড়া নিরাপত্তার বলয় টপকে কীভাবে তারা VVIP জোনের এত কাছাকাছি পৌঁছাল, তা নিয়ে প্রশ্ন উঠছে। প্রাথমিক অনুসন্ধানে এর পেছনে কোনো বড় ষড়যন্ত্রের ইঙ্গিত পাচ্ছেন তদন্তকারীরা। মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ পুরো ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করেছে।

উল্লেখ্য, প্রধানমন্ত্রীর নিরাপত্তায় এমন বিঘ্ন ঘটার ঘটনা এবারই প্রথম নয়। ২০১৩ সালে পাটনায় মোদীর ‘হুঙ্কার র‍্যালি’র সময় ধারাবাহিক বিস্ফোরণ ঘটেছিল। ২০১৮ সালে রাজীব গান্ধীর ধাঁচে তাঁকে হত্যার ষড়যন্ত্রের বিষয়ে গোয়েন্দা রিপোর্ট সামনে আসে এবং ২০২২ সালে পাঞ্জাবের ফিরোজপুরের ফ্লাইওভারে মোদীর কনভয় আটকে পড়ার ঘটনাতেও দেশজুড়ে চরম চাঞ্চল্য ছড়িয়েছিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *