বাঙালিদের ‘ভণ্ড’ আখ্যা! বাগেশ্বর বাবার বিরুদ্ধে থানায় অভিযোগ, বাংলায় ঢোকা বন্ধের হুঁশিয়ারি

কলকাতা: দুর্গাপুজো ও বাঙালিদের খাদ্যাভ্যাস নিয়ে বিতর্কিত মন্তব্য করে চরম বিপাকে ধীরেন্দ্র শাস্ত্রী ওরফে বাগেশ্বর বাবা। বাঙালিদের ‘ভণ্ড’ বলা এবং আমিষ খাওয়া নিয়ে প্রশ্ন তোলার অভিযোগে তাঁর বিরুদ্ধে কলকাতার ভবানীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন কংগ্রেস নেতা মানস সরকার। ক্ষমা না চাইলে বাগেশ্বর বাবাকে পশ্চিমবঙ্গে ঢুকতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
সংবাদ সংস্থা ANI-কে কংগ্রেস নেতা মানস সরকার জানান, বাগেশ্বর বাবা বাঙালিদের সংস্কৃতি ও ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছেন। তাঁর প্রশ্ন, “আমরা কী খাব না খাব, তা কি উনি ঠিক করে দেবেন? দুর্গাপুজোয় আমরা কেন মাছ-মাংস খাই, তা নিয়ে প্রশ্ন তুলে উনি বাঙালিদের অপমান করেছেন।” এই ঘটনার পেছনে আরএসএস-এর উসকানি রয়েছে দাবি করে তিনি স্থানীয় বিজেপি নেতাদের অবস্থান নিয়েও প্রশ্ন তোলেন। পুলিশ দ্রুত পদক্ষেপ না নিলে আইন ও নিজেদের পথে প্রতিরোধ গড়ে তোলার কথা জানান তিনি।
বাগেশ্বর বাবার এই মন্তব্যের জেরে রাজ্য রাজনীতিতে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। তবে এই ইস্যুতে সাধু-সন্তদের মন্তব্যে আমল দিতে নারাজ রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। তিনি স্পষ্ট জানান, মাছ-মাংস খাওয়া বাঙালি সংস্কৃতিরই অবিচ্ছেদ্য অংশ। দুর্গাপুজোর অষ্টমীতে লুচি আর নবমীতে পাঁঠার মাংস খাওয়া বাঙালির বহু পুরোনো ঐতিহ্য, যা পরিবর্তন হওয়ার নয়।
একই সুর শোনা গেছে বিজেপি নেতা দিলীপ ঘোষের গলায়। তিনি জানান, খাদ্যাভ্যাস যার যার ব্যক্তিগত পছন্দের বিষয়। দেশে যেমন বহু নিরামিষাশী মানুষ রয়েছেন, তেমনই বাংলায় ঐতিহ্যগতভাবেই আমিষ খাওয়ার চল রয়েছে। প্রত্যেকের নিজের পছন্দ মতো খাবার খাওয়ার পূর্ণ স্বাধীনতা রয়েছে।