“গেরুয়ার অপমান সহ্য করব না”: যাদবপুরে পদযাত্রায় তীব্র হুঁশিয়ারি শুভেন্দুর

যাদবপুর: যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে রাজনৈতিক উত্তাপ ও দেওয়াল লিখন বিতর্ক নিয়ে এবার সুর চড়ালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুধবার ঢাকুরিয়া দক্ষিণাপন থেকে যাদবপুর ৮বি বাসস্ট্যান্ড পর্যন্ত তিন কিলোমিটার দীর্ঘ ‘গেরুয়া সম্মান যাত্রা’র নেতৃত্ব দেন তিনি। মিছিল শেষে আয়োজিত জনসভা থেকে বামপন্থী সংগঠন এবং রাষ্ট্রবিরোধী স্লোগানের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন বিজেপি নেতা।
যাদবপুরের দেওয়ালে ‘রেড স্যালুট কিষেনজি’, ‘কাশ্মীর চাহে আজাদি’ এবং ‘ফ্রি প্যালেস্তাইন’-এর মতো স্লোগানের কড়া সমালোচনা করে শুভেন্দু অধিকারী বলেন, “যাদবপুর ঋষি অরবিন্দ ও স্বামী বিবেকানন্দের পবিত্র ভূমি। এখানে অপশব্দ, গালিগালাজ বা গেরুয়া সংস্কৃতির অপমান কোনোভাবেই মেনে নেওয়া হবে না।” দেশবিরোধী স্লোগানের প্রতিবাদ জানিয়ে তিনি স্পষ্ট বার্তা দেন, মাওবাদী নেতা কিষেনজিকে শ্রদ্ধা জানানো ব্যক্তিদের রাজনৈতিক শিকড় যাদবপুরের মাটি থেকে উপড়ে ফেলা হবে।
এলাকায় ধর্মীয় ও সাংস্কৃতিক জাগরণের ঘোষণা দিয়ে বিরোধী দলনেতা জানান, শীঘ্রই ‘পশ্চিমবঙ্গ সনাতন সংস্কৃতি পরিষদ’-এর উদ্যোগে যাদবপুরের বুকেই তিন দিনব্যাপী বেদ পাঠ, গীতা পাঠ এবং হনুমান চালিশা পাঠের বড়সড় আয়োজন করা হবে।
এছাড়া, রাজ্য বিধানসভার বিশেষ অধিবেশনে বিশ্ববিদ্যালয়গুলির অধ্যাপক ও কর্মীদের আন্তঃবিশ্ববিদ্যালয় বদলি নীতি (Inter-University Transfer Policy) সংক্রান্ত একটি বিল আসতে চলেছে বলেও রাজনৈতিক মঞ্চ থেকে ইঙ্গিত দেন তিনি।
উল্লেখ্য, সম্প্রতি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে দেওয়াল দখল ও স্লোগানকে কেন্দ্র করে এবিভিপি (ABVP) এবং বামপন্থী ছাত্র সংগঠনগুলির মধ্যে ব্যাপক সংঘাত তৈরি হয়। সেই উত্তপ্ত পরিস্থিতির প্রেক্ষাপটেই বিরোধী দলনেতার এই দীর্ঘ পদযাত্রা ও কড়া অবস্থান বলে মনে করছে রাজনৈতিক মহল।