“হয় মারব, নয় মরব!” কল্যাণীতে অস্ত্র উঁচিয়ে গৃহস্থের ফ্ল্যাটে চড়াও মাফিয়া, প্রাণনাশের হুমকি

কল্যাণী: প্রখ্যাত অর্থোপেডিক চিকিৎসকের নাম ভাঙিয়ে এক প্রৌঢ়ের ফ্ল্যাট জবরদখল ও প্রাণনাশের হুমকির চাঞ্চল্যকর অভিযোগ উঠল কল্যাণীর এ-৯ এলাকায়। নামী চিকিৎসক ‘ডক্টর বালা’-র শ্যালক পরিচয় দিয়ে মহারাজ হিরা নামে এক ব্যক্তি একটি আবাসিক ফ্ল্যাটে বেআইনিভাবে ঢুকে চড়াও হয় এবং অস্ত্রের মুখে বাসিন্দাদের ঘর ছাড়ার হুমকি দেয়।
আক্রান্ত বিপ্লব বিশ্বাস পেশায় একজন গাড়ি চালক। তিনি জানান, ১০১ নম্বর ফ্ল্যাটটি তাঁর প্রয়াত মায়ের নামে নথিভুক্ত এবং পরিবার নিয়ে দীর্ঘদিন ধরে তাঁরা সেখানেই বসবাস করছেন। অভিযোগ, গত রাতে মহারাজ হিরে অন্ধকার সুযোগে ওই ফ্ল্যাটের তালা ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করেন। খবর পেয়ে কল্যাণী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে নিয়ে যায় এবং বিপ্লব বাবুকে নতুন তালা লাগানোর পরামর্শ দেয়।
তবে ঘটনার রেশ সেখানেই শেষ হয়নি। পরের দিন সকালে মহারাজ হিরে ফের লোহার রড ও ধারালো অস্ত্র নিয়ে এলাকায় এসে তাণ্ডব চালায়। ফ্ল্যাটটি নিজের কেনা দাবি করে সে চিৎকার করে বলে, “হয় মরব, নয় মারব! ফ্ল্যাট খালি না করলে খুন করব।” কেবল বিপ্লব বিশ্বাসের পরিবারই নয়, বাধা দিতে এলে প্রতিবেশীদের এবং স্থানীয় এক দোকানদারকেও সে প্রকাশ্যে হত্যার হুমকি দেয় বলে অভিযোগ।
ডাক্তারের নাম ভাঙিয়ে এই ধরনের অরাজকতা ও তোলাবাজির চেষ্টার ঘটনায় পুরো আবাসন ও সংলগ্ন এলাকায় চরম আতঙ্ক ছড়িয়েছে। পরিস্থিতির গাম্ভীর্য দেখে বিপ্লব বিশ্বাস কল্যাণী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে কল্যাণী থানার পুলিশ।