‘চাম্গি মুম্গি’ মন্তব্যে তোলপাড়! রাজবীরকে কড়া জবাব শায়কের, উত্তপ্ত ‘বিগ বস’

‘চাম্গি মুম্গি’ মন্তব্যে তোলপাড়! রাজবীরকে কড়া জবাব শায়কের, উত্তপ্ত ‘বিগ বস’

ওয়াইল্ড কার্ড প্রতিযোগী হিসেবে মডেল ও অভিনেতা রাজবীর দে ঘরে পা রাখার পর থেকেই আমূল বদলে গিয়েছে ‘বিগ বস’-এর সমীকরণ। নতুন জোট ও বন্ধুত্বের পাশাপাশি তুঙ্গে উঠেছে তর্কাচর্চাও। বিশেষ করে প্রতিযোগী শায়ক চক্রবর্তীর সঙ্গে রাজবীরের তীব্র বাক্যবিনিময় ঘিরে এখন চরমে পৌঁছেছে ভেতরের উত্তাপ।

সম্প্রতি একটি টাস্ক চলাকালীন শায়ককে উদ্দেশ্য করে রাজবীরের ব্যবহার করা ‘চাম্গি মুম্গি’ শব্দটি নিয়ে বিতর্ক দানা বেঁধেছে। রাজবীরের এই মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমেও তুমুল আলোচনার জন্ম দিয়েছে। দর্শকমহলের একাংশ একে ব্যক্তিগত আক্রমণ বলে মনে করলেও, অন্য অংশের মতে এটি বিগ বসের ঘরের স্বাভাবিক উত্তেজনারই অংশ।

তবে রাজবীরের কটাক্ষের মুখে মুখ বুজে থাকেননি শায়কও। সপাটে পাল্টা জবাব দিয়ে তিনি বলেন, ‘একটা নখের যোগ্যও কাজ করতে পারোনি তুমি।’ শায়কের এই সোজাসাপ্টা মন্তব্যে দু’জনের বচসা আরও মারাত্মক রূপ নেয়।

বিতর্ক কিন্তু এখানেই শেষ নয়। রাজবীরের সঙ্গে সংঘাতের পাশাপাশি অপর প্রতিযোগী জয়িতা চট্টোপাধ্যায়ের সঙ্গেও শায়কের সম্পর্ক চরম তিক্ততার জায়গায় পৌঁছেছে। টাস্কের মাঝেই শায়কের বিরুদ্ধে শারীরিক হেনস্তা ও দুর্ব্যবহারের গুরুতর অভিযোগ তুলেছেন জয়িতা, যা ঘরের পরিবেশকে আরও জটিল করে তুলেছে।

একদিকে রাজবীরের বিতর্কিত মন্তব্য, অন্যদিকে শায়কের বিরুদ্ধে একাধিক অভিযোগ—সব মিলিয়ে বিগ বসের ঘর এখন উত্তেজনার পারদে ফুটছে। রাজবীর-শায়কের এই লড়াই কোন দিকে মোড় নেয়, তা দেখতেই মুখিয়ে রয়েছেন দর্শকরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *