‘হু’-তেও দুর্নীতির ছায়া, বিশ্ব স্বাস্থ্য সংস্থার শীর্ষ পদ থেকে ইস্তফা দিলেন সায়মা ওয়াজেদ

‘হু’-তেও দুর্নীতির ছায়া, বিশ্ব স্বাস্থ্য সংস্থার শীর্ষ পদ থেকে ইস্তফা দিলেন সায়মা ওয়াজেদ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক অধিকর্তার পদ থেকে পদত্যাগ করেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল। আর্থিক দুর্নীতি, ভুয়া শিক্ষাগত যোগ্যতার তথ্য প্রদান এবং নানা অনিয়মের অভিযোগের মুখে দীর্ঘদিন বেতনহীন ছুটিতে থাকার পর অবশেষে সংস্থাটির প্রধান টেড্রস অ্যাডানম গেব্রিয়েসাসের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের ফেব্রুয়ারিতে পাঁচ বছরের জন্য এই পদে নিযুক্ত হন সায়মা ওয়াজেদ। তবে ওই বছরেরই আগস্ট মাসে বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতন হলে পুতুল ও তার পরিবারের বিরুদ্ধে একের পর এক দুর্নীতি ও তছরূপের অভিযোগ উঠতে থাকে। পরবর্তীতে মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের দুর্নীতি দমন কমিশন (দুদক) তার বিরুদ্ধে তদন্ত শুরু করলে ২০২৫ সালের জুলাই মাসে তাকে বেতনহীন ছুটিতে পাঠিয়ে দেয় ‘হু’।

সংস্থাটি তাকে আনুষ্ঠানিকভাবে বরখাস্ত করার সিদ্ধান্ত চূড়ান্ত করার আগেই নিজে থেকে পদত্যাগের পথ বেছে নেন হাসিনা-কন্যা।

WHO প্রধানকে দেওয়া পদত্যাগপত্রে সায়মা জানান, দীর্ঘদিন বেতন না পাওয়ায় তিনি চরম আর্থিক সংকটে ভুগছেন এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার দায়বদ্ধতার ওপর আস্থা হারিয়েছেন। তবে নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে তিনি দাবি করেন, শুরু থেকেই তিনি অত্যন্ত নিষ্ঠা, দায়িত্ববোধ ও আন্তরিকতার সাথে নিজের কাজ পরিচালনা করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *