অভিষেকের পিএ সুমিতের বিরুদ্ধে কোটি কোটি টাকার জালিয়াতির বিস্ফোরক দাবি সুপ্রিম কোর্টে!

অভিষেকের পিএ সুমিতের বিরুদ্ধে কোটি কোটি টাকার জালিয়াতির বিস্ফোরক দাবি সুপ্রিম কোর্টে!

জমি দুর্নীতি মামলায় ট্রিনমুল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মারাত্মক সব অভিযোগ তুলল রাজ্য সরকার। বুধবার প্রধান বিচারপতি সূর্য কান্তের এজলাসে শুনানির সময় রাজ্যের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা দাবি করেন, সরকারি জমি অবৈধভাবে মিউটেশন করিয়ে বিক্রির চক্রান্তে সুমিতের প্রত্যক্ষ ভূমিকা রয়েছে এবং অভিযুক্ত দালালরাও তাঁর নাম নিয়েছেন। তদন্তে জানা গেছে, সুমিতের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দফায় দফায় প্রায় ১৫ কোটি টাকা জমা পড়েছে।

তদন্তকারীদের বিভ্রান্ত করার অভিযোগ তুলে সলিসিটর জেনারেল জানান, নথিপত্রে প্যান ও ব্যাঙ্কের তথ্যে নিজের পদবীর বানানে ফারাক (ROY এবং RAY) রেখে সুমিত দাবি করছেন তাঁরা দুজন আলাদা ব্যক্তি। তদন্তে অসহযোগিতার কারণে তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন জানানো হয়। এছাড়া, পূর্ববর্তী শুনানিতে সুমিতের আইনজীবী জিজ্ঞাসাবাদের ধরণ নিয়ে যে প্রশ্ন তুলেছিলেন, তার জবাবে আদালতে জিজ্ঞাসাবাদের পূর্ণাঙ্গ ট্রান্সক্রিপ্ট ও ভিডিও রেকর্ডিং জমা দেওয়ার প্রস্তুত বলে জানায় রাজ্য।

অন্যদিকে, সুমিত রায়ের আইনজীবী গোপাল শঙ্করনারায়ণ এই সমস্ত অভিযোগ অস্বীকার করে দাবি করেন, ব্যাঙ্ক অ্যাকাউন্টের টাকা আসলে দলীয় সমর্থকদের মেম্বারশিপের টাকা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হওয়ার কারণেই সুমিতকে রাজনৈতিকভাবে নিশানা করা হচ্ছে বলে তিনি পাল্টা সওয়াল করেন। বৃহস্পতিবার এই মামলার পরবর্তী শুনানি রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *