মোদীর জন্মদিন ও ২৫ বছরের মেয়াদে রাজ্যে মেগা উদযাপন! ১ কোটি প্রদীপ থেকে রঙ্গোলী—কী কী প্ল্যান?
September 10, 20266:34 pm

কলকাতা: দুর্গাপুজোর আবহেই রাজ্য জুড়ে একাধিক বর্ণাঢ্য ও বৃহৎ প্রশাসনিক কর্মসূচির ঘোষণা করা হলো। বৃহস্পতিবার নবান্নে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে জানানো হয়, আগামী মাসেই উৎসবের মেজাজে একাধিক জনমুখী ও রাষ্ট্রীয় মর্যাদাপূর্ণ অনুষ্ঠান উদযাপিত হবে, যেখানে অংশ নেবেন কোটি কোটি সাধারণ মানুষ।
কর্মসূচির বিস্তারিত তালিকা নিচে দেওয়া হলো:
- ৭ অক্টোবর ‘সেবা সংকল্প দিবস’: গুজরাটের মুখ্যমন্ত্রী থেকে দেশের প্রধানমন্ত্রী—নরেন্দ্র মোদীর প্রশাসনিক দায়িত্ব পালনের ২৫ বছর পূর্ণ হচ্ছে এই দিনে। এই ঐতিহাসিক মুহূর্ত স্মরণে রাজ্য জুড়ে পালিত হবে ‘সেবা সংকল্প দিবস’। প্রতিটি জেলার সদর দফতরে আয়োজিত এই বিশেষ কর্মসূচিতে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী।
- ১৭ সেপ্টেম্বর ‘অন্নপূর্ণা দিবস’: পূর্বঘোষিত এই বিশেষ দিনে রাজ্য সরকারের উদ্যোগে এক কোটি প্রদীপ জ্বালানোর অভূতপূর্ব পরিকল্পনা নেওয়া হয়েছে। এই প্রদীপ উৎসবের কলকাতার মূল আয়োজনটি অনুষ্ঠিত হবে গঙ্গার ঘাটে।
- স্কুলশিক্ষায় ‘বিকশিত ভারত ২০৪৭’: ‘বিকশিত ভারত’-এর ভাবনাকে তরুণ প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে রাজ্যের ৮০ হাজারেরও বেশি বিদ্যালয়কে এই কর্মসূচীর আওতায় আনা হচ্ছে। শিক্ষার্থীদের জন্য থাকবে প্রবন্ধ রচনা, তাৎক্ষণিক বক্তৃতা এবং রাজ্যজুড়ে সাইকেল ও বাইক র্যালি।
- নেতাজি ইনডোরে বিশাল ‘রঙ্গোলী রাষ্ট্র’: পর্যটন দফতরের উদ্যোগে কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে আয়োজিত হবে ১০৮ মিটারের বিশাল ‘ভারত মণ্ডল’ আকৃতির রঙ্গোলী প্রদর্শনী। মহালয়ার দেবীপক্ষ শুরু হওয়ার আগেই সমস্ত প্রস্তুতি সম্পন্ন করা হবে।
তবে যে দুটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন রয়েছে, সেখানে নির্বাচন কমিশনের সমস্ত বিধিনিষেধ মেনেই সীমিত পরিসরে কর্মসূচি পরিচালিত হবে। রাজ্যবাসীকে স্বতঃস্ফূর্তভাবে এই জাতীয় ও রাজ্যভিত্তিক উৎসব কর্মসূচিতে অংশ নেওয়ার বিনীত আহ্বান জানানো হয়েছে।